নিজেদের মাঠেও জয়ের দেখা পেল না আবাহনী। প্রথম রাউন্ডের মতো এবার পয়েন্ট ভাগাভাগিও করতে পারেনি আকাশি-হলুদরা। ব্রাদার্সের কাছে ২-১ গোলে হেরেই বসেছে তারা। জয় পায়নি চ্যাম্পিয়ন মোহামেডানও। বাংলাদেশ পুলিশের শুরুতে এগিয়ে গেলেও ১-১ ড্রয়ে পয়েন্টের খাতা খুলেছে সাদা-কালোরা। মানিকগঞ্জে রহমতগঞ্জ ২-০ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্সকে। ২২ দিন বিরতির পর বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ ডে’তে দু’রকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে দেশের জনপ্রিয় দুই দলকে।

প্রথম রাউন্ডেও জয়ের স্বাদ পায়নি মোহামেডান ও আবাহনী। গত লিগের শিরোপাজয়ী মোহামেডান শুরু করেছিল ফর্টিস এফসির কাছে হার দিয়ে। অন্যদিকে আবাহনীর শুরু হয় রহমতগঞ্জের সঙ্গে ড্র করে। দ্বিতীয় রাউন্ড দুই দলের ভাগ্য ঘটেছে উল্টো ফল। লিগের প্রথম দুই রাউন্ডেই তারা হারাল পাঁচ পয়েন্ট। পয়েন্ট টেবিলে শুরুর দুই অবস্থানে এখন রহমতগঞ্জ ও বাংলাদেশ পুলিশ। তাদের সংগ্রহ চার পয়েন্ট করে। ফর্টিস ও ব্রাদার্সের সংগ্রহ সমান তিন করে। বাকি ছয় দলের আছে এক পয়েন্ট করে। প্রথম দুই রাউন্ডে নিজেদের খেলা শেষে আবাহনী ও মোহামেডান আছে যথাক্রমে ৯ ও ১০-এ।

কুমিল্লায় তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে মারুফুল হকের আবাহনী। এরপর ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা করেও লাভ হয়নি। উল্টো লিড দ্বিগুণ করেছিল ব্রাদার্স। শেষ দিকে ১ গোল পরিশোধ করে হারের ব্যবধানটাই কেবল কমায় আবাহনী।

ব্রাদার্সকে তৃতীয় মিনিটে এগিয়ে নিয়েছিলেন নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তা। এ গোলেই লিগে প্রথম জয়ের স্বপ্ন উজ্জ্বল হয় গোপীবাগ জায়ান্টদের। প্রথম রাউন্ডে পুলিশের কাছে হারা ব্রাদার্স শুরুতেই আবাহনী ভড়কে দিতে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। বক্সের ভেতর থেকে অঞ্জনকে নিখুঁত কাটব্যাক ছাড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কাস সিলভা। বাঁ পায়ের প্লেসিংয়ে আবাহনী কিপার মিতুল মারমাকে পরাস্ত করেন নেপালের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক গোলের মালিক অঞ্জন। এ ম্যাচে ব্রাদার্স শুরু করেছিল তিন নেপালি খেলোয়াড় নিয়ে। তবে অঞ্জনই এ ম্যাচে আলো ছড়িয়েছেন বারবার। ম্যাচের ৫৬ মিনিটে পেনাল্টি আদায় করে মার্কাস সিলভাকে গোল করার সুযোগ করে দেন অভিজ্ঞ ফরোয়ার্ড। 

বাঁ দিকে আক্রমণে ওঠা বিস্তাকে বক্সের ভেতর ফেলে দিয়েছিলেন আবাহনী ডিফেন্ডার হাসান মুরাদ। পেনাল্টি থেকে মিতুলকে পরাস্ত করতে ভুল করেননি মার্কাস সিলভা।

দুই গোলে পিছিয়ে পড়ার পর আবাহনী চেষ্টা করেছে ম্যাচে ফেরার। তবে তাদের আক্রমণগুলো সফল হয়নি ফিনিশারদের ব্যর্থতা আর ব্রাদার্সের ডিফেন্ডারদের কৃতিত্বে। অতিরিক্ত সময়ে অবশ্য ব্যবধান ঘোচায় আবাহনী। হাসান মুরাদের ক্রসে হেড করে আবাহনীর হয়ে লিগে গোলের খাতা খোলেন মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। যদিও সে গোল যথেষ্ট ছিল না দলের হার এড়াতে।

গাজীপুরের শহীদ রবকত স্টেডিয়ামে পুলিশ এফসিকে হারাতে পারেনি আলফাজ আহমেদের মোহামেডান। ম্যাচের ১৯ মিনিটে অবশ্য এগিয়ে গিয়েছিল সাদা-কালোরা। রহমত মিয়ার লং থ্রো ক্লিয়ার করতে পারেনি পুলিশ এফসির ডিফেন্ডাররা। বল মাটিতে পড়ার আগেই বাঁ পায়ের ভলিতে মোহামেডানকে এগিয়ে নেন রহিম উদ্দিন। এই গোলেই লিড নিয়ে বিরতিতে গিয়েছিল তারা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফিরেছে পুলিশ। উগান্ডার মিডফিল্ডার শাফিক কাগিমুর কর্নার বক্সের জটলায় এলে সেখান থেকে হেড করে গোল করেন শেখ মোহাম্মদ বাবলু। তাতেই এক পয়েন্ট নিশ্চিত হয় প্রথম ম্যাচে ব্রাদার্সকে হারানো পুলিশের।

মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে স্বাগতিক ফকিরেরপুল ইয়ংমেন্সকে হারাতে বেগ পেতে হয়নি পুরান ঢাকার রহমতগঞ্জের। তারা জিতেছে ২-০ গোলে। প্রথম ম্যাচে আবাহনীকে রুখে দেওয়া গোলশূন্য প্রথমার্ধের পর রহমতগঞ্জকে এগিয়ে নেন ঘানাইয়ান ফরোয়ার্ড আবু ক্লেমেন্ট। আর অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে রাজন হাওলাদারের গোলে জয় নিশ্চিত হয় রহমতগঞ্জের।

আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসি পরীক্ষা কাগুজে সেরা বসুন্ধরা কিংসের। এই ভেন্যুটি দুদলেরই হোম।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *