গত কয়েক দিনের মতো শুক্রবারও বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পরিস্থিতির কথা মাথায় রেখে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা পশ্চিমে জয়সলমের থেকে পূর্বে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার একটি অংশ পশ্চিমবঙ্গের কাঁথির উপর দিয়ে গিয়েছে। এই আবহাওয়াগত অবস্থানের প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
– বিজ্ঞাপন –
শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকা চার জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আপাতত সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে। যদিও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।
অন্যদিকে, শুক্রবার উত্তরবঙ্গে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দার্জিলিং-সহ সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী সোমবার থেকে উত্তরবঙ্গে আবার বৃষ্টির দাপট বাড়তে পারে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতেও বৃষ্টি চলবে, তবে আপাতত সেখানে ভারী বৃষ্টির জন্য কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি।
বিজ্ঞাপন
