কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার কলকাতার যাত্রীদের জন্য বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা করল মেট্রো রেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শহর সফর এবং যোগ দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে ভোর ৪টে থেকেই মেট্রো চলবে। একই সঙ্গে বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যাও।
মেট্রো রেল সূত্রে খবর, যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারী এবং সাধারণ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
– বিজ্ঞাপন –
ব্লু লাইনে সবচেয়ে বেশি ট্রেন
দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে রবিবার সাধারণত সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হয়। তবে এবার ভোর ৪টে থেকেই মেট্রো চলবে। আপ ও ডাউন মিলিয়ে মোট ২১৪টি ট্রেন চালানো হবে।
দক্ষিণেশ্বর, নোয়াপাড়া, মহানায়ক উত্তমকুমার এবং শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে বিশেষ পরিষেবা পাওয়া যাবে। সকাল ৮টা পর্যন্ত ১৪ থেকে ১৫ মিনিট অন্তর ট্রেন মিলবে।
গ্রিন লাইনে অতিরিক্ত পরিষেবা
হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ করিডরে রবিবার মোট ১০৮টি ট্রেন চলার কথা থাকলেও যোগ দিবসে সেই সংখ্যা বেড়ে হবে ১৭৩টি।
হাওড়া ময়দান থেকে প্রথম ট্রেন ছাড়বে ভোর ৪টেয়। সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে ভোর ৪টে ২ মিনিটে। সকাল ৯টা পর্যন্ত নির্দিষ্ট বিরতিতে ট্রেন চলবে।
বিজ্ঞাপন
বিমানবন্দরগামী যাত্রীদের জন্যও সুবিধা
নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর বা ইয়েলো লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ১১২টি মেট্রো চলবে।
নোয়াপাড়া থেকে প্রথম ট্রেন ছাড়বে ভোর ৪টে ১৮ মিনিটে। অন্যদিকে, বিমানবন্দর স্টেশন থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে ভোর ৪টে ৪০ মিনিটে।
কোন লাইনে পরিষেবা থাকবে না?
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা থাকবে না। তবে ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে শেষ ট্রেনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, যোগ দিবস উপলক্ষে কলকাতায় একাধিক কর্মসূচিতে অংশ নিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কারণে শহরে ভোর থেকেই যাত্রীদের চাপ বাড়তে পারে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। সেই পরিস্থিতি সামাল দিতেই এই বিশেষ পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।
