মরক্কোর সাথে গ্রুপ সি’র প্রথম ম্যাচে রীতিমতো কষ্টার্জিত ড্র করে ব্রাজিল

ছবির উৎস, IMAGN IMAGES via Reuters

ছবির ক্যাপশান, মরক্কোর সাথে গ্রুপ সি’র প্রথম ম্যাচে রীতিমতো কষ্টার্জিত ড্র করে ব্রাজিল

সর্বাধিক পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ২০২৬ বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করেছে। তবে শুরুটা আশানরুপ হয়নি। নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ সি এর প্রথম ম্যাচটিতে ব্রাজিল ১-১ গোলে ড্র করেছে আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর বিরুদ্ধে।

ব্রাজিল কেবল জয়বঞ্চিত হয়েছে তাই না, দলটির খেলা দেখে মনে হয়েছে, একটি পয়েন্ট পেতেও অনেক কষ্ট হয়েছে। ফলে, সমর্থকদের মধ্যে শংকা দেখা দিয়েছে যে, কিংবদন্তী কোচ কার্লো আনচেলত্তির অধীনে থাকা ব্রাজিল এই আসরে বেশিদূর যেতে পারবে না। অবশ্য, ফিফার সর্বশেষ র‍্যাংকিং- এ ছয়ে থাকা ব্রাজিলের জন্য সান্ত্বনা হচ্ছে বিপক্ষ মরক্কো কেবল আফ্রিকান চ্যাম্পিয়নই নয়, র‍্যাংকিং এও সাত নম্বর দল। তদুপরি, আর্জেন্টিনা থেকেও অনুপ্রেরণা নিতে পারে দলটি। গত বিশ্বকাপে, ২০২২সালে কাতারে প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হারার পরেও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়।

রোববার নিউজার্সি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিলকে চাপে রাখে মরক্কো। ম্যাচের প্রথম দশ মিনিটেই মরক্কো ব্রাজিলের গোলপোষ্ট লক্ষ্য করে গোটা পাচেক শট নেয়, কিন্তু গোলরক্ষক আলিসন সহজেই সেগুলো প্রতিহত করেন। তবে, ২১ মিনিটের মাথায় ব্রাজিলের রক্ষণ ভেঙ্গে পড়ে। মরক্কোর ব্রাহিম দিয়াজ দুই সেন্টারব্যাকের মাঝে দুর্দান্ত একটি থ্রু বল দেন ইসমাইল সাইবারিকে, যিনি ফাঁকা জায়গা পেয়ে আলিসনের মাথার ওপর দিয়ে গোল করেন।

খেলার ধারার অনেকটা বিপরীতেই ৩২তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের দারুন দক্ষতায় সমতাসূচক গোল পায় ব্রাজিল। বাম প্রান্তে ব্রুনো গুইমারেসের সঙ্গে ওয়ানটু করে বল নিয়ে দ্রুত পেনাল্টি বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়ুস। এরপর জায়গা বের করে নিয়ে বক্সের বাঁ দিক থেকে ডান পায়ের এক জোরালো এবং চমৎকার বাঁকানো শটে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুকে পরাস্ত করে সোজা জালের ওপরের কোণায় বল জড়িয়ে দেন।

সমতা ফেরার পর দুইদলেরই কিছুটা রক্ষনশীল ফুটবল খেলায় বিরতির আগে আর তেমন সুযোগ তৈরী হয়নি। দ্বিতীয়ার্ধে খেলা হয়ে ওঠে আরও শারীরিক ও কৌশলগত। উভয় কোচ একাধিক পরিবর্তন আনেন, এবং জয়ের চেয়ে পরাজয় ঠেকিয়ে দেয়াটাই লক্ষ্য হয়ে দাঁড়ায়। এর ফলে খেলার ধার অনেকটাই কমে যায়। মধ্যমাঠে মরক্কো নিয়ন্ত্রণ নেয় এবং শেষদিকে ভালো সুযোগ তৈরী করে। তবে গোলরক্ষক আলিসন বেকারের দৃঢ়তায় ব্রাজিল এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *