কলকাতা: আরজি কর কাণ্ড নিয়ে এবার ছবি বড় পর্দায়। ছবির নাম ‘অভয়া শক্তি’। তৃণমূল কংগ্রেসের আমলে তিলোত্তমার অকালমৃত‍্যু ঘিরে তোলপাড় হয়েছিল রাজ‍্য এবং রাজনীতি। সেই কাণ্ডে তৎকালীন সরকারের ভূমিকা নিয়ে চূড়ান্ত সমালোচনা হয়েছে। ৪ মে রাজ‍্যে সরকার বদলের পর খুলেছে তিলোত্তমা কাণ্ডের ফাইল। তিলোত্তমা যাতে ন‍্যায় বিচার পান, তার জন‍্য অবিরত লড়ছেন তাঁর বাবা-মা। তিলোত্তমার মা রত্না দেবনাথ এখন রয়েছেন বিধায়কের পদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রত্নাকে আশ্বস্ত করেছেন যে, তিনি তাঁর মেয়ের জন‍্য ন‍্যায় বিচার পাবেন।

ঠিক এই সময় টলিপাড়ায় তিলোত্তমার ঘটনা নিয়ে ছবি তৈরি করছেন বিজেপি নেতা-পরিচালক শঙ্কুদেব পণ্ডা। শঙ্কু ২০১৭-তে ‘কমরেড’ ছবিটি পরিচালনা করেছেন। আট বছরের বিরতির পর পরিচালক হিসাবে ফিরছেন তিনি। ছবির প্রযোজনার দায়িত্বে থাকছেন রানা সরকার। TV9 বাংলাকে রানা জানালেন, ‘‍এবার নির্বাচন হওয়ার পরেই, শঙ্কু এই বিষয় নিয়ে ছবি তৈরি করার প্রস্তাব দেন। গল্প-চিত্রনাট‍্য ভালো লাগে। প্রস্তাব আসার সঙ্গে-সঙ্গে আমি অনুভব করেছি, এই ঘটনা বড়পর্দায় তুলে আনা প্রয়োজন।’

পরিচালক শঙ্কু TV9 বাংলাকে জানালেন, ‘তিলোত্তমা বা এই ঘটনার সঙ্গে যুক্ত অনেক কিছু দর্শক জানেন না, বা এই ঘটনার সঙ্গে যুক্ত অনেকেও, অনেক কিছু জানেন না। সেগুলো ছবিতে দেখতে পাবেন। সেটা বরদাস্ত করার দম থাকতে হবে। অনেকে মনে করতে পারেন, প্রোপাগান্ডা ছবি। প্রোপাগান্ডা করার হলে, নির্বাচনের আগেই করতাম। যখন নির্বাচনের পরে ছবি করছি, জানবেন, এই ঘটনা সত‍্যি আমাদের ভাবিয়েছে। এমন ঘটনা যাতে আর না হয়, সেটা আমাদের দেখতে হবে। এই ঘটনার সঙ্গে যুক্ত অনেকে কিছু জিনিস মুছে ফেলেছেন। যেগুলো মুছে ফেলেছেন, সেগুলো প্রকাশ‍্যে আনাই আমাদের কাজ‘।

শঙ্কু যোগ করলেন, ‘আমি যে কোনও ইনভেস্টিগেটিং এজেন্সির মুখোমুখি দাঁড়াতে প্রস্তুত। ছবি ‍যদি প্রশ্নের উত্তরই দিতে না পারে, তা হলে ছবি বানিয়ে লাভ কী?’

এই ছবি হচ্ছে জেনে তিলোত্তমার বাবা-মায়ের কী প্রতিক্রিয়া? শঙ্কুর উত্তর, ‘আমার মনে হয়, ওঁদের ব‍্যাপারটা আলাদা রাখাই ভালো। ওঁরা ছবি দেখার পর নিশ্চয়ই প্রতিক্রিয়া দেবেন। শুধু ওঁরা নয়, সকলকে বলব ছবি দেখুন, ছবি দেখার পর সমালোচনা, প্রশংসা, টিটকারি, যা করবেন, মাথা পেতে নেব।’ রানা বলেন, ”এই ছবির ক্ষেত্রে কপিরাইট নেওয়ার ব্যাপার নেই। আমরা নির্যাতিতার নাম করছি না বা ব্যক্তিগত জীবনের তথ্য ব্যবহার করছি না। আমরা নির্দিষ্ট ঘটনার উপর আলোকপাত করতে চাই।”

রানা এবং শঙ্কু তিলোত্তমার বাবা-মায়ের উপস্থিতিতে গল্প নিয়ে আলোচনা করেছেন। ছবির পোস্টার কেমন হতে পারে, সেই বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা হওয়ার পর চূড়ান্ত করা হয়েছে পোস্টার। ছবি শুটিং শুরু হতে পারে অগাস্টে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, এই বছর বড়দিনে মুক্তি পাবে ছবিটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *