২০২৬ বিশ্বকাপ শুরুর আগে নিকো পাজের শারীরিক অবস্থা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অনেকটাই দূর হয়েছে। আর্জেন্টিনার এই তরুণ মিডফিল্ডার নিজেই জানিয়েছেন, পুনর্বাসনের শেষ ধাপে রয়েছেন তিনি এবং দ্রুত মাঠে ফেরার অপেক্ষায় আছেন।
গত মে মাসে ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে খেলতে নেমে বাঁ-হাঁটুতে চোট পান পাজ। এরপর বিভিন্ন গণমাধ্যমে তার চোটের গুরুতরতা নিয়ে আলোচনা শুরু হয়। স্প্যানিশ সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদনে এমনও দাবি করা হয়েছিল যে, বিশ্বকাপে তার অংশগ্রহণ ঝুঁকির মুখে পড়তে পারে।
এ পরিস্থিতিতে আর্জেন্টিনা দলের মেডিকেল স্টাফ নিয়মিতভাবে তার অবস্থার পর্যবেক্ষণ করছিল। একই সঙ্গে সম্ভাব্য বিকল্প নিয়েও নানা জল্পনা-কল্পনা দেখা দেয়। তবে সে সব আলোচনার অবসান ঘটিয়েছেন ২১ বর্ষী এ ফুটবলার। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, পুনর্বাসনের কাজ প্রায় শেষ এবং খুব শিগগিরই মাঠে ফিরতে প্রস্তুত তিনি।
ক্লাব ফুটবলে দারুণ এক মৌসুম কাটিয়ে প্রথমবার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেন পাজ। সিরি আ’র সর্বশেষ মৌসুমে তিনি ৩৫ ম্যাচে ১২ গোল করার পাশাপাশি ৬টি গোলে সহায়তা করেন। তার পারফরম্যান্স কোমোর সফল মৌসুমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে চলা বিশ্বকাপের গ্রুপ ‘জে’ তে রয়েছে আর্জেন্টিনা। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে তারা। এর আগে রোববার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সতর্কতা হিসেবে সেই ম্যাচে বিশ্রামে থাকবেন নিকো পাজ।


