গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একই সঙ্গে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং সঞ্চালন চার্জ বাড়ানো হয়েছে ২৩ দশমিক ৯৬ শতাংশ।

বুধবার (৩ জুন) বিকেল ৩টায় নতুন এ দর ঘোষণা করে বিইআরসি। নতুন দাম জুন মাসের বিল থেকে কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৭ দশমিক ০৪ টাকা থেকে বাড়িয়ে ৮ দশমিক ৩৯ টাকা করা হয়েছে। পাশাপাশি সঞ্চালন খরচ ইউনিটপ্রতি গড়ে ৩১ পয়সা থেকে বাড়িয়ে প্রায় ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে বিদ্যুতের একমাত্র সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) ইউনিটপ্রতি সঞ্চালন চার্জ ৩০ ও ৩১ পয়সা থেকে বাড়িয়ে যথাক্রমে ৪৮ ও ৪৯ পয়সা করার প্রস্তাব দিয়েছিল।

অন্যদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ১ দশমিক ২০ টাকা থেকে ১ দশমিক ৫০ টাকা বাড়ানোর আবেদন করেছিল, যা বিদ্যমান দরের তুলনায় ১৭ থেকে ২১ শতাংশ বেশি।

দাম বৃদ্ধির প্রস্তাবে বিপিডিবি জানিয়েছিল, ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ উৎপাদনে সম্ভাব্য ব্যয় হবে প্রায় ১ লাখ ৪৩ হাজার ১০৮ কোটি টাকা। সে হিসাবে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ দাঁড়াতে পারে প্রায় ১২ দশমিক ৯১ টাকা।

এর আগে সর্বশেষ ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৮ দশমিক ৫০ শতাংশ বাড়ানো হয়। একই সময় পাইকারি পর্যায়ে ইউনিটপ্রতি দাম ৬ দশমিক ৭০ টাকা থেকে ৫ শতাংশ বাড়িয়ে ৭ দশমিক ০৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *