বাংলা চলচ্চিত্র জগতে নেমে এল গভীর শোকের ছায়া। বুধবার দুপুরে আচমকাই খবর আসে, গড়িয়াহাটের হিন্দুস্তান পার্ক এলাকার বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন বিশিষ্ট পরিচালক অনীক দত্ত। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরিবার ঘনিষ্ঠ সূত্রে তাঁর মৃত্যুর খবর সামনে আসে। 

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় টলিউডে। পরিচালকের বাড়িতে পৌঁছে যায় গড়িয়াহাট থানার পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন থানার অফিসার ইনচার্জ-সহ একাধিক আধিকারিক। তদন্তে নেমেছে হোমিসাইড শাখাও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির নিচে এখনও রক্তের দাগ পড়ে রয়েছে এবং গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনার পর থেকেই এলাকার বাসিন্দারা পরিচালকের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন। তবে ঠিক কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পরিচালক অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গিয়েছিলেন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

বাংলা সিনেমায় নিজের স্বতন্ত্র নির্মাণশৈলীর জন্য বিশেষ পরিচিত ছিলেন অনীক দত্ত। তাঁর পরিচালিত ভূতের ভবিষ্যৎ বাংলা সিনেমায় নতুন ধারার সূচনা করেছিল। এছাড়াও ভবিষ্যতের ভূত, অপরাজিত, মেঘনাদবধ রহস্য এবং বরুণবাবুর বন্ধুর মতো ছবির মাধ্যমে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

বিশেষ করে ‘অপরাজিত’ ছবির মাধ্যমে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নির্মাণের সময়কালকে যেভাবে তুলে ধরেছিলেন, তা বাংলা সিনেমাপ্রেমীদের মনে আলাদা জায়গা করে নেয়। অন্যদিকে ‘ভূতের ভবিষ্যৎ’ আজও বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় ব্যঙ্গাত্মক ছবি হিসেবে বিবেচিত হয়।

পরিচালকের মৃত্যু সংবাদ সামনে আসতেই শোকস্তব্ধ হয়ে পড়েছে বাংলা চলচ্চিত্র জগৎ। বহু অভিনেতা, পরিচালক ও শিল্পী সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করছেন। টলিউডের এক গুরুত্বপূর্ণ নির্মাতার এভাবে আচমকা চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনেকেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *