জাপানে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থার (জেএমএ) বরাতে এ তথ্য জানিয়েছে জাপান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (৮ ডিসেম্বর) রাত প্রায় ১১টা ১৫ মিনিটে ৭.৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, সোমবারের ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৬। সংস্থাটি জানায়, ভূমিকম্পটি আওমোরি, ইওয়াতে ও হোক্কাইডোর উপকূলের কাছে সংঘটিত হয়েছে।
ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। অনেক এলাকায় ঢেউয়ের উচ্চতা ৩ মিটার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সাথে এসব এলাকার বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রায় ৫০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
