বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়ার সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এক বিবৃতিতে কমিশন জানায়, ছয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান নির্বাচন আধিকারিকদের অনুরোধে ভোটার তালিকা সংশোধনের সময় বাড়ানো হয়েছে। সংশোধিত সূচির আওতায় এসেছে—তামিলনাড়ু, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তরপ্রদেশ।
তবে এই তালিকায় নেই পশ্চিমবঙ্গ। কমিশনের সিইও দফতর সূত্রে খবর, রাজ্যে এসআইআর-এর কাজ যে ভাবে এগিয়েছে, তাতে বাড়তি সময়ের প্রয়োজন নেই।
আগের নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবারই ছিল এই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা সংশোধনের শেষ দিন। আর ১৬ ডিসেম্বর প্রকাশ হওয়ার কথা ছিল খসড়া ভোটার তালিকা। তবে কমিশন নতুন সময়সীমা ঘোষণা করেছে।
নতুন সূচি অনুযায়ী, তামিলনাড়ু ও গুজরাতের সংশোধন প্রক্রিয়া ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। সংশ্লিষ্ট দুই রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ১৯ ডিসেম্বর। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে সময়সীমা বাড়িয়ে ১৮ ডিসেম্বর করা হয়েছে এবং খসড়া তালিকা প্রকাশ পাবে ২৩ ডিসেম্বর।
সবচেয়ে বেশি সময়সীমা পেয়েছে উত্তরপ্রদেশ। সেখানে ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত, আর খসড়া তালিকা প্রকাশ হবে ৩১ ডিসেম্বর।
কমিশনের বিবৃতিতে আরও বলা হয়েছে, গোয়া, পুদুচেরি, লক্ষদ্বীপ, রাজস্থান ও পশ্চিমবঙ্গে পূর্বনির্ধারিত সূচিই বহাল থাকবে। ওই রাজ্যগুলিতে সংশোধন প্রক্রিয়া বৃহস্পতিবার শেষ হবে এবং খসড়া তালিকা প্রকাশ হবে ১৬ ডিসেম্বর। ইতিমধ্যেই কেরলের সংশোধিত সূচি ঘোষণা করা হয়েছিল—সেখানে সংশোধনের শেষ দিন ১৮ ডিসেম্বর, এবং খসড়া তালিকা প্রকাশ পাবে ২৩ ডিসেম্বর।
ভোটার তালিকার সর্বাঙ্গীন হালনাগাদ নিশ্চিত করতে নির্বাচন কমিশন আবারও আহ্বান জানিয়েছে সমস্ত যোগ্য নাগরিককে Form 6 জমা দেওয়ার জন্য। নাগরিকরা ব্লক লেভেল অফিসারদের কাছে ফর্ম জমা দিতে পারেন অথবা অনলাইনে ECINet অ্যাপ বা ওয়েবসাইট মারফত আবেদন করতে পারেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী বছর ফেব্রুয়ারিতে।
