ছবির উৎস, Reuters
যুক্তরাষ্ট্রের অ্যাপোলো মিশনের মাধ্যমে ১৯৬৯ সালের জুলাই মাসে প্রথমবার মানুষের চাঁদে অবতরণের পর ৫০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। দীর্ঘ পাঁচ দশক পর ফের মানুষকে চাঁদে পাঠিয়েছে নাসা।
আজ দোসরা এপ্রিল অবশেষে নাসা’র আর্টেমিস-২ মিশনের মধ্য দিয়ে চাঁদের উদ্দেশে রওনা দিলেন চার নভোচারী। এতে তিনজন মার্কিন ও একজন কানাডীয় নভোচারী রয়েছেন।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৬টা ৩৫ মিনিটে (জিএমটি রাত ১০টা ৩৫ মিনিট) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে কমলা-সাদা রঙের রকেটটি বিকট গর্জন ছেড়ে আকাশে ওড়ে।
তবে আর্টেমিস-২ মিশনের নভোচারীরা এবার সরাসরি চাঁদে অবতরণ করবেন না। বরং, আগামী ১০ দিনের এই অভিযানে তারা ভবিষ্যতে মানুষের চাঁদে অবতরণের পথ প্রস্তুত করবেন।
চাঁদের যে অংশ পৃথিবী থেকে দেখা যায় না, সেই অংশ থেকে ৬৪০০ মাইল দূর দিয়ে উড়বেন তারা। সেখানে তারা তিন ঘণ্টা অবস্থান করবেন এবং বিভিন্ন ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণ ও ছবি ধারণ করবেন।
এছাড়া, তারা ফিরে আসার পর তাদের শারীরিক ও মানসিক অবস্থার ওপরও নজর রাখা হবে, মানুষের শরীর ও মনের ওপর মহাকাশ ভ্রমণের প্রভাব কতটা, তা বোঝা যায় এবং ভবিষ্যতের মিশনগুলো আরও নিরাপদ করা যায়।
এই চার নভোচারী নিরাপদে ফিরে আসতে পারলে নাসার লক্ষ্য হলো ২০২৮ সালের মাঝে পরবর্তী মিশনের আয়োজন করা এবং মানুষকে ফের চাঁদের বুকে নামানো।
