চ্যাম্পিয়ন্স লিগে গতকাল আলোচনায় ছিলেন বার্সেলোনা ও চেলসির দুই কিশোর। সেখানে লামিনে ইয়ামালকে ছাপিয়ে শ্বাসরুদ্ধকর এক গোল করেছেন এস্তেভাও। তার নৈপুণ্যে ১০ জনের বার্সেলোনাকে ৩–০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি।

স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন দুই ১৮ বছর বয়সী ফুটবলার। দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পর আসে এস্তেভাওয়ের সেই জাদুকরী মুহূর্ত। ডান প্রান্তে বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। 

এর আগে জুলস কুন্দের আত্মঘাতী গোলে ২৭ মিনিটেই ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্সা। তার ওপর বিরতির আগে রোনাল্ড আরাউহোর লাল কার্ড ১০ জনের দলেও পরিণত করে তাদের। তাই এস্তেভাওর গোল বার্সেলোনার জন্য চাপ তৈরি করে। ৭৩ মিনিটে বদলি হিসেবে নামা লিয়াম ডেলাপ কাছ থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে ম্যাচ প্রায় শেষ করে দেন। প্রথমে অফসাইডের কারণে গোলটি বাতিল হলেও ভিএআরে সিদ্ধান্ত বদলায়। 

দুই বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরা চেলসি পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে এখন শীর্ষ আটে ওঠার লড়াইয়ে বেশ শক্ত অবস্থানে। শীর্ষ আটে থাকলেই নিশ্চিত হবে শেষ ষোলো।

সিটিকে হারিয়েছে লেভারকুসেন। তিক্ত হার দেখেছে ম্যানচেস্টার সিটিও। পেপ গার্দিওলার ব্যাপক পরিবর্তনের মাশুল দিয়েছে ইংলিশ জায়ান্টরা। নিজ মাঠ ইতিহাদে জার্মান ক্লাব লেভারকুসেনের কাছে অপ্রত্যাশিতভাবে হেরেছে ২–০ গোলে। 

আর্লিং হাল্যান্ড ও জিয়ানলুইজি দোন্নারুম্মাসহ একাধিক তারকাকে বেঞ্চে বসানোর সিদ্ধান্ত গার্দিওলার জন্য বুমেরাং হয়ে আসে। আলেহান্দ্রো গ্রিমালদো ও প্যাট্রিক শিকের গোলেই ইংলিশ চ্যাম্পিয়নদের কাঁদিয়ে স্মরণীয় জয় তুলে নিয়েছে জার্মান ক্লাবটি।

এই হারে লিগ পর্বে সিটির অপরাজিত থাকার রেকর্ডও ভেঙেছে। সামনে  রিয়াল মাদ্রিদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ। ফলে শীর্ষ আটে ওঠার সম্ভাবনাও এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

দ্বিতীয়ার্ধে হাল্যান্ডসহ গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নামানো হলেও ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। পিএসজির কাছে গত মাসে ৭–২ গোলে বিধ্বস্ত হওয়া লেভারকুসেন এবার ১২ জন খেলোয়াড়কে ছাড়াই দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের প্রথম ঘণ্টাতেই সিটিকে পেছনে ফেলেছে।

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *