কোটি কোটি ব্যবহারকারীর গোপনীয়তা ও ব্যবহার অভিজ্ঞতা আরও উন্নত করতে নতুন ফিচার আনছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ। খুব শিগগিরই চালু হতে চলেছে ‘ক্লোজ ফ্রেন্ডস স্ট্যাটাস’ সুবিধা, যার মাধ্যমে স্ট্যাটাসে শেয়ার করা পোস্ট কেবল নির্দিষ্ট কনট্যাক্টদের সঙ্গেই ভাগ করা যাবে।
বর্তমানে বিটা ভার্সনে এই ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। নতুন ব্যবস্থায় কনট্যাক্ট তালিকায় থাকা প্রত্যেকেই আর স্ট্যাটাস দেখতে পাবেন না। ব্যবহারকারী যদি কোনও পোস্ট ‘ক্লোজ ফ্রেন্ডস স্ট্যাটাস’ হিসেবে শেয়ার করেন, তবে তাঁর প্রোফাইল ছবির চারপাশে একটি রঙিন রিং দেখা যাবে—যা থেকে বোঝা যাবে পোস্টটি সীমিত দর্শকদের জন্য।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে এআই স্টিকার! এবার নিজেই বানিয়ে ফেলুন পছন্দমতো
গোপনীয়তা বৃদ্ধির পাশাপাশি হোয়াটসঅ্যাপ ওয়েব প্ল্যাটফর্মেও বড় আপডেট আনছে মেটা। ওয়েব ভার্সনে যুক্ত হতে চলেছে ভয়েস ও ভিডিও কলিং ফিচার। আপাতত এই সুবিধাও বিটা ভার্সনে পরীক্ষাধীন।
জানা গেছে, ওয়েব ভার্সনে চ্যাট উইন্ডোর ডান দিকের উপরে একটি কল আইকন দেখা যাবে। সেখানে ক্লিক করলে ভয়েস ও ভিডিও কল করার অপশন মিলবে। বর্তমানে ডেস্কটপ অ্যাপ ছাড়া সরাসরি ওয়েব ব্রাউজার থেকে কল করার সুবিধা ছিল না। নতুন আপডেট চালু হলে সেই সীমাবদ্ধতা কাটবে।
খুব শিগগিরই এই দুই ফিচার ধাপে ধাপে সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হতে পারে বলে সূত্রের খবর। প্রযুক্তি মহলের মতে, ব্যবহারকারীদের গোপনীয়তা ও সুবিধা বাড়াতেই এই পদক্ষেপ।
