আগামী ১ ও ৮ মার্চ গ্রুপ সি ও গ্রুপ ডি’র নিয়োগের পরীক্ষার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ সি ও গ্রুপ ডি’র পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন।
কীভাবে করবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড?
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘WBSSC Group C & D Admit Card 2026’ লিঙ্কে ক্লিক করুন। রেজিষ্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগ ইন করুন। তথ্য সাবমিট করলে অ্যাডমিট কার্ড স্ক্রিনে দেখা যাবে। ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিন।
কোন দিন কোন পরীক্ষা হবে?
গ্রুপ সি’র পরীক্ষা হবে ১ মার্চ। গ্রুপ ডি’র পরীক্ষা হবে ৮ মার্চ। রাজ্যর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে। মোট শূন্যপদ ৮৪৭৮। এরমধ্যে গ্রুপ সি’র শূন্যপদ ২৯৮৯ আর গ্রুপ ডি’র শূন্যপদ ৫৪৮৯। ১ ও ৮ মার্চ দুপুর ১২টা থেকে গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষা হবে প্রায় ১৭০০ কেন্দ্রে। গ্রুপ সি’র পরীক্ষার্থীর সংখ্যা আনুমানিক ৮.১৩ লাখ আর গ্রুপ ডি’র পরীক্ষার্থীর সংখ্যা আনুমানিক ৮.২০ লাখ। ৬০ নম্বরের গ্রুপ সি’র পরীক্ষা চলবে ১ ঘণ্টা ৫০ মিনিটের। ৪০ নম্বরের গ্রুপ ডি’র পরীক্ষা চলবে ১ ঘণ্টা ২০ মিনিটের। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সব চাকরিপ্রার্থীরা অঞ্চলের তথ্য ভুল দিয়েছেন। তাঁরা অঞ্চলের তথ্য আপডেট না করা পর্যন্ত প্রভিনশিয়াল অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না। এছাড়াও চাকরিপ্রার্থীর ছবি ও সইয়ের সঙ্গে ওএমআর শিটের সই মিলিয়ে দেখা হবে। গরমিল হলে পরীক্ষা দিতে দেওয়া হবে না।
পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে ও নিরাপত্তার খাতিরে নিয়মের কড়াকড়ি আরোপ করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। কমিশনের তরফে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে। সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। পরীক্ষার দিন সকাল ১০টা থেকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা ঢুকতে পারবেন। বেলা পৌনে ১২টা পর্যন্ত প্রবেশপথ খোলা থাকবে। সর্বাধিক ১২টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে। পরীক্ষা শেষ হওয়া না পর্যন্ত বেরোনো যাবে না। পরীক্ষার দিন পা ঢাকা জুতো পরে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না। পরতে হবে হাওয়াই চটি। পা ঢাকা জুতো পরে আসলে পরীক্ষা কেন্দ্রের বাইরে তা খুলে খালি পায়ে ঢুকতে হবে।
এ ছাড়াও পরীক্ষা কেন্দ্রের মধ্যে মোবাইল ফোন, স্মার্টফোন, ক্যালকুলেটর, ঘড়ি, বৈদ্যুতিন যন্ত্র নিয়ে ঢোকা যাবে না। পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থীর সঙ্গে নিষিদ্ধ বস্তু পাওয়া গেলে পরীক্ষা সঙ্গে সঙ্গে বাতিল করা হবে। স্বচ্ছ নীল ও কালো রঙের বল পেনে লেখা যাবে ওএমআর শিটে। স্বচ্ছ জলের বোতল আনা যাবে। গয়নাগাটি বা ধাতব বস্তু নির্দিষ্ট ঘরে জমা রেখে ঢুকতে হবে পরীক্ষা কেন্দ্রে।
