সুদানের আবেইতে জাতিসংঘ (ইউএন) মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনাকে ভয়াবহ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর: আল-জাজিরা

শনিবার (১৩ ডিসেম্বর) সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হন। এর মধ্যে ৬ জন শান্তিরক্ষী নিহত এবং ৮ জন আহত হন।

শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে এক বিবৃতিতে গুতেরেস বলেন, সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর লজিস্টিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো এই ভয়াবহ ড্রোন হামলার আমি তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। দক্ষিণ কোরদোফানে শান্তিরক্ষীদের ওপর আজকের মতো হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সুদানের সেনাবাহিনী এই হামলার জন্য আধা-সামরিক গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করেছে। সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে দুই বছরেরও বেশি সময় ধরে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। হামলার বিষয় আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানান, এই হামলা ‘বিদ্রোহী মিলিশিয়া এবং তাদের পৃষ্ঠপোষকদের ধ্বংসাত্মক মনোভাব স্পষ্টভাবে তুলে ধরে’। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে সুদানি সেনাবাহিনী। সেখানে জাতিসংঘের স্থাপনাটিতে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

সুদানের আবেইতে জাতিসংঘ (ইউএন) মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *