প্রিমিয়ার লিগে রাউন্ড ১৬তে নিজেদের মাঠে জয় পেয়েছে লিভারপুল এবং চেলসি। এভারটনকে ২-০ গোলে হারিয়েছে ব্লুজরা। ব্রাইটনকে ২-০ গোলে হারিয়েছে অলরেডরা। এখনও আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা অর্জনের তালিকায় আসতে পারেনি লিভারপুল, আপাতত জায়গা করে রেখেছে চেলসি।
চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে দুদল। ২১ মিনিটে এগিয়ে যায় চেলসি। মালো গুস্টোর থ্রুতে গোল করে লিড এনে দেন কোল পালমারে। বিরতিতে যাওয়ার আগে ৪৫ মিনিটে পেদ্রো নেতোর পাসে ব্যবধান দিগুণ করেন গুস্টো। দ্বিতীয়ার্ধে জালের দেখা পায়নি কোন দল। ২-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
অনেক আলোচনা-সমালোচনার পর অবশেষে লিভারপুল জার্সিতে মাঠে নেমেছিলেন মোহাম্মেদ সালাহ, করেছেন অ্যাসিস্ট।
অ্যানফিল্ডে প্রথম মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। পরে ম্যাচজুড়ে ব্রাইটন সমানতালে লড়লেও, হুগো একিতিকের জোড়া গোলে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা। জো গমেজের হেড পাসে শুরুতেই গোল করেন একিতিকে। প্রথমার্ধে আর জালের দেখা পায়নি তারা। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে সালাহর পাসে নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন একিতিকে। জয় নিয়ে মাঠ ছাড়ে আর্নে স্লটের শিষ্যরা।

