কলকাতা: গত কয়েক দিনের ভ্যাপসা গরম কাটিয়ে সরস্বতী পুজোর সকালেই ফিরল স্বস্তি। শুক্রবার ফের একধাক্কায় নামল কলকাতার পারদ। মাঘের শুরুতে শীত উধাও হওয়ার আশঙ্কা থাকলেও, পুজোর দিন সকাল থেকেই রাজ্যজুড়ে অনুভূত হচ্ছে শীতের আমেজ। তবে শীতের সঙ্গেই জেলাগুলিতে জারি করা হয়েছে ঘন কুয়াশার সতর্কতা।
কলকাতার তাপমাত্রা ও আকাশ আলিপুর আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে মাত্র ০.৪ ডিগ্রি বেশি। গত কয়েক দিন শহরের তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামেনি, কিন্তু এদিন তা ফের নিম্নমুখী। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, দিনভর কলকাতার আকাশ মূলত পরিষ্কার ও মেঘমুক্ত থাকবে।
কুয়াশার দাপট ও দৃশ্যমানতা শীত ফিরলেও চিন্তার কারণ কুয়াশা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। সেখানে দৃশ্যমানতা বা ভিজিবিলিটি নেমে আসতে পারে ৫০ মিটারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, দৃশ্যমানতা ঘোরাফেরা করবে ২০০ থেকে ৯৯৯ মিটারের মধ্যে।
জেলায় জেলায় শীতের ছবি শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা কমেছে। তবে কোথাও পারদ ১০ ডিগ্রির নিচে নামেনি। এদিন দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল নদিয়ার কল্যাণী (১০ ডিগ্রি সেলসিয়াস)। এছাড়া বাঁকুড়া, আসানসোল ও শ্রীনিকেতনে তাপমাত্রা ছিল ১১.১ ডিগ্রি। পুরুলিয়ায় ১২ ডিগ্রি এবং পানাগড়ে ১২.৩ ডিগ্রিতে নেমেছে পারদ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী সাত দিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না এবং আবহাওয়া শুকনো থাকবে।
