খবর অনলাইন ডেস্ক: বছরশেষে ঠান্ডা ভালোই অনুভূত হচ্ছে কলকাতাবাসীর। শীতের পোশাকগুলো ভালোই কাজে লাগছে তাঁদের। সর্বোচ্চ তাপমাত্রা থাকছে স্বাভাবিকের বেশ নীচে আর সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে। সঙ্গে রয়েছে উত্তুরে হাওয়ার দাপট।
এরকমই শীতের আবহে কাটতে চলেছে কলকাতায় চলতি সপ্তাহটি। একেবারে চেনা ছক। শুষ্ক আবহাওয়ার সঙ্গে ভোরের দিকে নিয়মিত কুয়াশা এবং ধীরে ধীরে উষ্ণ হয়ে ওঠা দুপুর – এই মিশ্রণেই ডিসেম্বরের শেষ ও জানুয়ারির শুরুতে থাকবে শহরের আবহাওয়া। ভোরের দিকে কনকনে ঠান্ডা অনুভূত হলেও, দিনেরবেলায় তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আরামদায়ক পরিবেশ তৈরি হবে।

কলকাতাতেও শীতের দিনে আগুন পোহানো।
সোমবার সপ্তাহের শুরুতে সকালে হালকা কুয়াশা ছিল, যার ফলে কিছু সময়ের জন্য দৃশ্যমানতা বেশ কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যায়। সারাদিন শুষ্ক আবহাওয়া ছিল। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রাও ২১.৪ ডিগ্রির বেশি ওঠেনি (স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি নীচে)।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ফের কুয়াশাচ্ছন্ন সকাল দিয়ে দিনের শুরু হবে। দুপুরের পর আকাশ পরিষ্কার থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বেড়ে প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছোতে পারে, রাতের দিকে তা নামবে প্রায় ১৪ ডিগ্রিতে।
বুধবার, ৩১ ডিসেম্বর, ভোরের দিকে কুয়াশা আরও কিছুটা বিস্তৃত হতে পারে, বিশেষ করে ভোরবেলায়। তবে বৃষ্টি নেই, আবহাওয়া শুষ্কই থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৩ ডিগ্রি এবং সর্বনিম্ন প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা কাটার পর নববর্ষের আগের সন্ধ্যা হতে পারে বেশ মনোরম।
বৃহস্পতিবার, ১ জানুয়ারি, নতুন বছরের শুরুতেও একই রকম আবহাওয়ার পূর্বাভাস। সকালে মাঝারি মাত্রার কুয়াশা থাকলেও দুপুরের দিকে আকাশ উজ্জ্বল হবে। তাপমাত্রা থাকবে প্রায় ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, রাতে নামবে প্রায় ১৫ ডিগ্রিতে।

শীতের দুপুরে ময়দানে রোদ পোহানো।
শুক্রবার, ২ জানুয়ারি, সামান্য উষ্ণতার ইঙ্গিত মিলবে। সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন থাকবে প্রায় ১৬ ডিগ্রি। সকালের দিকে কুয়াশা থাকলেও তা আগের দিনের তুলনায় কম স্থায়ী হতে পারে।
শনিবার, ৩ জানুয়ারি, ভোর ছাড়া বাকি সময় আবহাওয়া বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা। দিনের তাপমাত্রা স্থির থেকে প্রায় ২৪ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা থাকবে প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াস।
রবিবার, ৪ জানুয়ারি, সপ্তাহের শেষ দিনটি কাটতে পারে আরামদায়ক শীতের আবহে। সকালে হালকা ঠান্ডা অনুভূত হলেও দিনের বেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। তাপমাত্রা ১৬ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে, যা শহরের জন্য আদর্শ শীতের পরিবেশ তৈরি করবে।
ছবি: রাজীব বসু
