খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার এখন অনেকটাই সুস্থতার পথে। গত শনিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান শ্রেয়স। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে রাখা হয়। তবে সর্বশেষ খবর অনুযায়ী, তাঁকে এখন আইসিইউ থেকে সরিয়ে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত হয়েছেন।

ক্রিকবাজের রিপোর্টে জানানো হয়েছে, ৩০ বছর বয়সি এই ব্যাটারের শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’। ভারতীয় চিকিৎসক সারাক্ষণ শ্রেয়সের পাশে রয়েছেন। তিনি শ্রেয়সের প্রতিদিনের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

বিসিসিআই তাদের অফিসিয়াল এক্স (X) অ্যাকাউন্টে জানিয়েছে, “শ্রেয়স আয়ার ফিল্ডিং করার সময় বাঁ দিকের নীচের পাঁজরে আঘাত পান। তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। স্ক্যান করার পর দেখা যায়, তাঁর প্লীহায় (spleen) ছেদনজাতীয় আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন, শারীরিকভাবে স্থিতিশীল এবং দ্রুত সেরে উঠছেন। ভারতীয় ও সিডনির বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চলছে।”

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, শ্রেয়সের কয়েকজন স্থানীয় বন্ধু তাঁর সঙ্গে রয়েছেন এবং পরিবারের একজন সদস্য মুম্বই থেকে সিডনিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সপ্তাহান্তে ভিসা প্রক্রিয়া বন্ধ থাকায় কিছুটা বিলম্ব হয়েছে।

বিসিসিআই ও টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, শ্রেয়সকে নিয়ে কোনো রকম তাড়াহুড়ো করা হবে না। তিনি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত সিডনিতেই থাকবেন এবং কয়েক দিন আরও হাসপাতালে কাটাতে পারেন।

শ্রেয়স আয়ার আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের পাঁচ ম্যাচের টি২০ স্কোয়াডে ছিলেন না। এ ছাড়া তিনি আগেই ছয় মাসের জন্য লাল বলের ক্রিকেট থেকে বিরতি চেয়েছেন। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও তাঁকে দেখা যাবে না। তবে তিনি যদি দ্রুত সেরে ওঠেন, তা হলে প্রোটিয়াদের বিপক্ষে একদিনের সিরিজে তাঁকে ফের দেখা যেতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *