ক্যালেন্ডারের পাতায় এখন মাঘ মাস। কিন্তু আবহাওয়ার আচরণ বলছে অন্য কথা। কখনও কনকনে ঠান্ডা, আবার কখনও অস্বাভাবিক উষ্ণতা—এই হঠাৎ তাপমাত্রা পরিবর্তনেই বাড়ছে স্বাস্থ্যের ঝুঁকি। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, আচমকা আবহাওয়ার তারতম্য ডেকে আনছে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যা। আগে থেকেই যাঁদের উচ্চ রক্তচাপ রয়েছে, তাঁদের ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।
একাধিক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, ইউরোপ, পূর্ব এশিয়া এবং ভারতের মানুষের মধ্যে শীতকালে সিস্টোলিক ব্লাড প্রেসার উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, ডায়াবেটিস রোগী এবং হৃদরোগে আক্রান্তদের ক্ষেত্রে এই প্রবণতা বেশি।
চিকিৎসকদের ব্যাখ্যা, প্রবল ঠান্ডায় শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিক রাখতে রক্তনালিগুলি সঙ্কুচিত হয়ে যায়। এর ফলে রক্ত সঞ্চালন বজায় রাখতে হৃদ্যন্ত্রের ওপর বাড়তি চাপ পড়ে এবং রক্তচাপ বৃদ্ধি পায়। ঠান্ডার প্রভাবে শরীরে সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে ওঠে, বাড়ে নোরঅ্যাড্রেনালিন–এর মতো স্ট্রেস হরমোনের নিঃসরণ। ফলস্বরূপ, রক্তচাপ বাড়ার সঙ্গে সঙ্গে হৃৎস্পন্দনের হারও বৃদ্ধি পায়।
– বিজ্ঞাপন –
বিশেষজ্ঞদের পরামর্শ, এই সময় নিয়মিত রক্তচাপ মাপা, পর্যাপ্ত উষ্ণতা বজায় রাখা, হঠাৎ ঠান্ডা বা গরমে বেরোনোর সময় সতর্ক থাকা এবং চিকিৎসকের পরামর্শমতো ওষুধ চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি।
