সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের মরশুমে বাজার জুড়ে নানা রকমের শীতের সবজি। আর তা দিয়ে রকমারি, সুস্বাদু পদ রেধে খাওয়ার মজাই আলাদা। শীতের সবজি পেঁয়াজকলি দিয়ে বাড়িতে প্রতিদিন বিভিন্ন পদ রান্না কিন্তু মাস্ট। পছন্দের মৌরলা মাছ ও পেঁয়াজকলি দিয়েও কিন্তু বানাতে পারেন সুস্বাদু পদ। কীভাবে বানাবেন? রইল রেসিপি।

এই পদ বানাতে লাগবে, মৌরলা মাছ: ৩০০ গ্রাম, পেঁয়াজকলি ১-২ আঁটি, পেঁয়াজ ১টি (বড়), আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো আধ চা চামচ, কালোজিরে ১ চা চামচ, সর্ষের তেল- প্রয়োজনমতো, নুন স্বাদমতো, কাচালঙ্কা ২-৩টি।

প্রথমে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে নুন-হলুদ মাখিয়ে নিন। এরপর আলাদা করে পেঁয়াজকলি, কেটে পরিষ্কার করে নিয়ে একটি কড়াইতে মাছ ভালো করে ভেজে নিন। এরপর কড়াইতে পেঁয়াজ ও রসুন ভেজে নিয়ে তাতে একে একে কালোজিরে, লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে রাখা মাছ ও কেটে রাখা পেঁয়াজকলি দিয়ে ভালভাবে নাড়িয়ে নিন। এরপর এতে একে নুন, লঙ্কাগুড়ো, আদাবাটা, জিরে ও হলুদ গুঁড়ো একটু নরম হয়ে এলে তাতে পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিয়ে দিন। সিদ্ধ হয়ে এলে উপর থেকে কাচালঙ্কা ও কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পেঁয়াজকলি-মৌরলা চচ্চড়ি।
