বিজয়ের মাস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে এক মাসব্যাপী যাত্রাপালা প্রদর্শনী।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শিল্পকলার ব্যবস্থাপনায় সোমবার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে চলবে এ আয়োজন।

এক বিজ্ঞপ্তিতে শিল্পকলা জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত ৩১টি যাত্রাদল অংশ নিচ্ছে এই প্রদর্শনীতে। প্রতিটি দল একটি করে যাত্রাপালা মঞ্চায়ন করবে।

খুলনার পাইকগাছার ‘সূর্যতরুণ নাট্য সংস্থা’র যাত্রাপালা ‘মৃত্যুর চোখে জল’ দিয়ে শুরু হয়ে মাসজুড়ে মঞ্চে উঠবে ‘কাশেম মালার প্রেম’, ‘সাগর ভাসা’, ‘চরিত্রহীন’, ‘অভাগিনী বধূ’, ‘আপন-দুলাল’, ‘গুনাই বিবি’, ‘আলোমতি প্রেমকুমার’, ‘সিরাজ উদ দৌলা’, ‘প্রতিমা বিসর্জন’, ‘প্রেমের সমাধি তীরে’, ‘জেনারেল ওসমানী’, ‘লালন ফকির’, ‘দেবী সুলতানা’, ‘জেল থেকে বলছি’, ‘আলোমতি প্রেমকুমার’, ‘বাহরাম বাদশা’সহ জনপ্রিয় সব যাত্রাপালা।

প্রদর্শনীর টিকিটের দাম ১০০ টাকা, প্রতিটি শো থেকে আয় করা অর্থ দেওয়া হবে সংশ্লিষ্ট যাত্রাদলকে।

এছাড়া প্রতিদিন বিকেল ৫টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকছে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট।

শিল্পকলা আশা করছে, বিজয়ের মাসে সারাদেশের যাত্রাশিল্পীদের এক মঞ্চে আনার এই উদ্যোগ দেশের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পকে আরও উৎসাহিত করবে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *