মহাকাশ গবেষণায় আরও এক বড় সাফল্য। মার্কিন যুক্তরাষ্ট্রের Minor Planet Center-এর জ্যোতির্বিজ্ঞানীরা সৌরমণ্ডলের দুই বৃহত্তম গ্রহ—শনি ও বৃহস্পতি—কে ঘিরে একাধিক নতুন চাঁদ বা উপগ্রহের সন্ধান পেয়েছেন। এর ফলে এই দুই গ্রহের মোট উপগ্রহের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪২।
উপগ্রহ সংখ্যার নিরিখে এখন সৌরমণ্ডলের শীর্ষে রয়েছে শনি। এই গ্রহের চারপাশে মোট ২৮৫টি উপগ্রহ ঘুরছে। সাম্প্রতিক গবেষণায় শনির আরও ১১টি নতুন চাঁদের খোঁজ মিলেছে। অন্যদিকে, বৃহস্পতির ক্ষেত্রেও যুক্ত হয়েছে নতুন ৪টি উপগ্রহ। এর ফলে প্রথমবার বৃহস্পতির চাঁদের সংখ্যা ১০০ পার করে ১০১-এ পৌঁছেছে।
গত ১৬ মার্চ এই আবিষ্কারের ঘোষণা করে মাইনর প্ল্যানেট সেন্টার। অত্যাধুনিক টেলিস্কোপ ও উন্নত পর্যবেক্ষণ প্রযুক্তির সাহায্যে এই নতুন চাঁদগুলির সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতির নতুন উপগ্রহ আবিষ্কারে নেতৃত্ব দেন Scott Sheppard ও David Tholen। অন্যদিকে শনির নতুন ১১টি চাঁদের সন্ধান মেলে Edward Ashton-এর নেতৃত্বে একদল গবেষকের হাত ধরে।
তবে এত বিপুল সংখ্যক উপগ্রহ থাকলেও সবগুলির নামকরণ করা হয়নি। শনির ২৮৫টি উপগ্রহের মধ্যে মাত্র ৬৪টির নাম রয়েছে। শনির সবচেয়ে বড় উপগ্রহের নাম Titan। অন্যদিকে বৃহস্পতির সবচেয়ে বড় চাঁদ Ganymede, যা সৌরমণ্ডলের বৃহত্তম উপগ্রহ হিসেবেও পরিচিত।
এই সমস্ত উপগ্রহের নামকরণ করে International Astronomical Union-এর অধীনস্থ Committee for Planetary System Nomenclature। নতুন এই আবিষ্কার ভবিষ্যতে সৌরমণ্ডল সম্পর্কে আরও গভীর গবেষণার পথ খুলে দেবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।
