রাস্তার পাশে বাড়ি। হরদম গাড়ির তীব্র আওয়াজে টেকা দায়। এতদিন যানবাহনের তীব্র আওয়াজে সৃষ্ট শব্দদূষণের কথা বলা হত। শব্দদূষণের ফলে শ্রবণ সমস্যা, হার্টের অসুখ হওয়ার কথা শোনা যেত এতদিন। সাম্প্রতিক গবেষণা রিপোর্টে বলা হয়েছে, রাস্তার পাশে বাড়িতে বসবাস করলে রাতের সময়ের গাড়ির তীব্র আওয়াজে রক্তে কোলেস্টেরল ও ফ্যাটের পরিমাণ বেড়ে যায়। বিপাকক্রিয়া জনিত সমস্যার কারণে বাড়ে হার্টের অসুখ ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি।
২ লাখ ৭২ হাজার মানুষ যাঁদের বাড়ি রাস্তার পাশে তাঁদের ওপর গবেষণা চালানো হয়। গবেষণায় উঠে এসেছে, রাতের সময় যানবাহনের তীব্র আওয়াজে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাচ্ছে। University of Oulu এর গবেষক Yiyan He এর নেতৃত্বে গবেষণা চালানো হয়।
গবেষণায় দেখা গেছে, রাতের সময় যানবাহনের আওয়াজ ৫০ ডেসিবলের ওপরে উঠতে শুরু করলেই রক্তের কোলেস্টেরলের মাত্রা বাড়তে শুরু করে। বিশেষ করে ৫৫ ডেসিবলের বেশি আওয়াজ হলেই রক্তের কোলেস্টেরলের মাত্রা আরও বেশি পরিমাণে উঠতে শুরু করে। বেশি পরিমাণে লো ডেনসিটি লাইপোপ্রোটিনের কারণে ধমনীতে প্লাক জন্মায়। হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। যানবাহনের তীব্র আওয়াজে ঘুমের সমস্যা হয়। হরমোনের নিঃসরণে সমস্যা হয়। রাতে ঘুমোতে গেলেও স্নায়ু টানটান থাকে। হৃদস্পন্দন ওঠানামা করে। কর্টিসল হরমোনের নিঃসরণ বাড়ে। মানসিক উদ্বেগ দেখা যায়। লিভার কীভাবে কোলেস্টেরল শুষে নেবে তাতে হেরফের হয়। Environmental Research নামক জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণা রিপোর্ট।
