আফগানিস্তানকে হারিয়ে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে রানতাড়ার রেকর্ড গড়েছে ভারত। ৩১০ রানের রেকর্ড রানতাড়া করে জয় তুলেছে আয়ুশ মাত্রের দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। আগামী ৬ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের হারারেতে গড়াবে শিরোপা মহারণ।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রানতাড়ায় সবচেয়ে বড় জয়ের রেকর্ড এটি। এর আগে ২০০৬ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩০৫ রান তাড়া করে রেকর্ড গড়েছিল নিউজিল্যান্ড।
সর্বোচ্চ ১০বার ফাইনালে খেলার রেকর্ডটা পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের দখলে। দ্বিতীয় সর্বোচ্চ ছয়বার ফাইনাল খেলার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার। এছাড়া পাঁচবার ফাইনাল খেলেছে পাকিস্তান।
বুধবার হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ফয়সাল শিনোজাদার এবং উজিরউল্লাহ নিয়াজির সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩১০ রান তোলে আফগানরা। জবাবে নেমে অ্যারন জর্জের সেঞ্চুরিতে ৪১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩১১ রান করে ফাইনালের টিকিট কাটে ভারত।
ফয়সাল সিনোজাদা ৯৩ বলে ১৫ চারের সাহায্যে করেন ১১০ রান। অপরপ্রান্তে উজাইরউল্লাহ নিয়াজি ৮৬ বলে অপরাজিত ১০১ রানের ঝলমলে ইনিংস খেলেন। এছাড়া দুই ওপেনার ওসমান সাদাত এবং খালিদ আহমেদজাই ৩৯ ও ৩১ রান করেন। ভারতের দিপেশ দেবেন্দ্র এবং কনিষ্ক চৌহান ২টি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় নেমে ওপেনার অ্যারন জর্জ ১০৪ বলে ১১৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। আরেক ওপেনার বৈভব সূর্যবংশী শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩৩ বলে ৬৮ রান করেন। মাঝে অধিনায়ক আয়ুশ মাত্রে যোগ করেন ৬২ রান, আর ভিহান মালহোত্রা ৩৮ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৪১.১ ওভারে জয়ের বন্দরে নোঙর করে দলটি।

