দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন বসতে যাচ্ছে বিশ্বকাপের ড্র। ৫ ডিসেম্বরের আয়োজিত সে অনুষ্ঠানে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা প্রতিটি দেশের প্রতিনিধিদের থাকার কথা রয়েছে। তবে ড্র অনুষ্ঠান বয়কট করবে ইরান।
ইরানি ফুটবল ফেডারেশন শুক্রবার এই ঘোষণা দিয়েছে। কারণ হিসেবে তারা বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রতিনিধি দলের বেশ কয়েকজন সদস্যকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। ভিসা জটিলতা ও কম সংখ্যক ভিসা প্রদানের কারণে অনুষ্ঠানে অংশ নেবে না তারা।
ফেডারেশনের মুখপাত্র ইরানি গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা ফিফাকে জানিয়েছি যে, গৃহীত সিদ্ধান্তগুলো খেলাধুলার সাথে কোন সম্পর্ক নেই এবং ইরানি প্রতিনিধিদলের সদস্যরা বিশ্বকাপের ড্রতে অংশগ্রহণ করবেন না।’
এরআগে অবশ্য ইরানের এক ক্রীড়া ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র ইরানি ফেডারেশনের সভাপতি মেহেদী তাজসহ প্রতিনিধিদলের বেশ কয়েকজন সদস্যকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। পরবর্তীতে তাজ এই সিদ্ধান্তকে রাজনৈতিক বলে নিন্দা জানিয়েছিলেন।
মেহেদী তাজ বলেছেন, ‘আমরা ফিফা সভাপতিকে বলেছি যে এটি সম্পূর্ণরূপে একটি রাজনৈতিক অবস্থান এবং ফিফার উচিত মার্কিনীদের এই আচরণ থেকে বিরত থাকতে বলা।’
প্রতিবেদনে অনুসারে, ৫ ডিসেম্বরের ড্রয়ের জন্য কোচ আমির ঘালেনোইসহ প্রতিনিধি দলের কেবল চার সদস্যকে ভিসা দেওয়া হয়েছিল।
এএফসি অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে উজবেকিস্তানের বিপক্ষে ২-২ গোলে ড্র করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিলো ইরান। টানা চতুর্থ এবং মোট সাতবার বিশ্বকাপের মঞ্চে খেলেছে দেশটি। তবে তারা কখনও নকআউট পর্বে যেতে পারেনি।
রাজনৈতিক ভাবে যুক্তরাষ্ট্র এবং ইনারেন সম্পর্কে বেশ টানাপোড়েন রয়েছে। এর মধ্যে ১৯৯৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়েছিল ইরান এবং ২০২২ সালে বিশ্বকাপে ইরানকে ১-০ গোলে হারিয়েছিল যুক্তরাষ্ট্র।
