মুন্সীগঞ্জের হাতিমারা এলাকায় কাভার্ডভ্যানের চাপায় আকলিমা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় পেয়ারা বেগম (৫০) নামে আরেক নারী গুরুতর আহত হন।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করেছে পুলিশ। নিহত আকলিমা বেগম জেলার সিরাজদীখান উপজেলার খোরশাই গ্রামের প্রয়াত সিরাজুল শেখের স্ত্রী। গুরুতর আহত পেয়ারা বেগম একই উপজেলার দেবপোড়া গ্রামের প্রয়াত আফজাল শেখের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই নারী সিরাজদীখান থেকে হাতিমারা এলাকায় মেলায় কাপড় কিনতে আসেন। মেলার কাছে রাস্তা পারাপারের সময় শাহ সিমেন্টের একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা।

দুর্ঘটনার পর দুই নারীকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকলিমা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পেয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, শাহ সিমেন্টের ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *