ভারতের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার আন্তর্জাতিক শাখা এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড মালয়েশিয়ার জাতীয় পেমেন্ট নেটওয়ার্ক পেমেন্টস নেটওয়ার্ক মালয়েশিয়া সেন্ডিরিয়ান বেরহাদ (পে-নেট)-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে কিউআর-ভিত্তিক মার্চেন্ট পেমেন্ট চালু হবে।
প্রথম পর্যায়ে, মালয়েশিয়ায় ভ্রমণকারী ভারতীয়রা তাঁদের ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) অ্যাপ ব্যবহার করে ডুইটনাও কিউআর গ্রহণযোগ্য মার্চেন্ট পয়েন্টে পেমেন্ট করতে পারবেন। ডুইটনাও কিউআর হল মালয়েশিয়ার জাতীয় কিউআর মানদণ্ড, যা পে-নেট পরিচালনা করে।
পরবর্তী পর্যায়ে, মালয়েশিয়ার নাগরিকরা ভারতে এসে ইউপিআই কিউআর কোড স্ক্যান করে তাঁদের ডুইটনাও অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
– বিজ্ঞাপন –
এই সংযুক্তির ফলে ভারতীয় পর্যটকরা মালয়েশিয়ার লক্ষ লক্ষ রেস্তোরাঁ, খুচরো দোকান, পর্যটনকেন্দ্র ও অন্যান্য প্রতিষ্ঠানে সহজে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। একইভাবে মালয়েশীয় পর্যটকরাও ভারতে ইউপিআই-সক্ষম মার্চেন্ট নেটওয়ার্কে সুবিধা পাবেন।
এনপিসিআই ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা ঋতেশ শুক্লা বলেন, সরকারের ও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশনায় ইউপিআই-এর বৈশ্বিক বিস্তার ঘটানোই লক্ষ্য। পে-নেটের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা প্রভীন রাজন জানান, “ভিজিট মালয়েশিয়া ২০২৬”-এর প্রেক্ষিতে এই উদ্যোগ দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সংযোগকে আরও শক্তিশালী করবে।
ভারত ও মালয়েশিয়ার এই সহযোগিতা সীমান্ত পেরিয়ে নিরাপদ, দ্রুত ও নির্বিঘ্ন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।
