নয়াদিল্লি: ১০০ দিনের কাজের প্রকল্প বা MGNREGA থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া নিয়ে যখন দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে, ঠিক তখনই ২০২৬-এর বাজেটে গান্ধীজির নামে নতুন এক প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাজনৈতিক মহলের মতে, নামবদল নিয়ে বিরোধীদের ‘গান্ধী-বিদ্বেষী’ আক্রমণের পাল্টা হিসেবেই এবার ‘মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ’ (Mahatma Gandhi Gram Swaraj) উদ্যোগ নিয়ে এল মোদি সরকার।

সম্প্রতি কংগ্রেস জমানার ঐতিহাসিক MGNREGA-র নাম বদলে ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড মিশন (রুরাল)’ বা VB-G RAM G করেছে কেন্দ্র। এই পদক্ষেপের পর থেকেই সরব হয়েছিল বিরোধীরা। তাদের অভিযোগ ছিল, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলতে চাইছে। সেই বিতর্কের কয়েক দিনের মাথায় অর্থমন্ত্রী খাদি, হ্যান্ডলুম এবং হস্তশিল্পের উন্নতির জন্য গান্ধীজির নামেই নতুন এই প্রকল্পের কথা জানালেন। প্রশ্ন উঠছে, এটি কি স্রেফ ড্যামেজ কন্ট্রোল না কি প্রকৃতই গ্রামীণ শিল্পের উন্নয়ন?

বাজেট বক্তৃতায় নির্মলা সীতারামন জানান, এই নতুন প্রকল্পের মাধ্যমে বিশ্ববাজারের সঙ্গে গ্রামীণ কারিগরদের সরাসরি যুক্ত করা হবে। ব্র্যান্ডিং, প্রশিক্ষণ এবং গুণমান উন্নয়নের ওপর জোর দিয়ে ২০০টি পুরনো শিল্প ক্লাস্টারকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। পাশাপাশি, খেলাধুলার সরঞ্জাম তৈরিতে ভারতকে বিশ্বসেরা করতে এবং সরঞ্জাম ডিজাইনে আধুনিক প্রযুক্তির ব্যবহারের জন্য একটি বিশেষ প্রকল্পের ঘোষণা করা হয়েছে।

তবে সমালোচকদের দাবি, ১০০ দিনের কাজের আইনি কাঠামো এবং জবাবদিহিতা বাড়ানোর নামে আদতে গান্ধীজির নামটিকে ব্রাত্য করার যে চেষ্টা সরকার করেছে, তা ঢাকতেই এই নতুন ‘গ্রাম স্বরাজ’-এর অবতারণা। ২০৪৭ সালের ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে গ্রামীণ আয়ে নিরাপত্তা বাড়ানোর দাবি করা হলেও, বিরোধীদের মতে এটি একটি কৌশলী রাজনৈতিক চাল ছাড়া আর কিছুই নয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *