আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম। মাত্র পাঁচ দিন আগেই বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছিল। এ বার এক ধাক্কায় বাড়ানো হল গৃহস্থালির গ্যাস ও বাণিজ্যিক গ্যাস—দুই ক্ষেত্রেই। আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরান-ইজরায়েল-আমেরিকা সংঘাতের জেরে জ্বালানি বাজারে অস্থিরতার প্রভাবেই এই মূল্যবৃদ্ধি হয়েছে বলে মনে করা হচ্ছে।

নতুন দামে গৃহস্থালির ব্যবহারের ১৪.২ কেজির সিলিন্ডারের দাম বেড়েছে ৬০ টাকা। ফলে আগে যেখানে একটি সিলিন্ডারের দাম ছিল ৮৭৯ টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৯ টাকায়।

অন্যদিকে বাণিজ্যিক ব্যবহারের ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দামও উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। আগে এই সিলিন্ডারের দাম ছিল ১,৮৭৫ টাকা ৫০ পয়সা। নতুন করে ১১৪ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পাওয়ায় এখন একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১,৯৯০ টাকায়।

উল্লেখ্য, গত ১ মার্চও বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৩১ টাকা বেড়েছিল। যদিও সে সময় গৃহস্থালির গ্যাসের দাম অপরিবর্তিত ছিল। কিন্তু মাত্র পাঁচ দিনের ব্যবধানে এ বার দুই ধরনের গ্যাসের দামই বাড়ল।

আরও পড়ুন: ইরান সংঘাতে রাশিয়া-চিনের ভূমিকা নিয়ে জল্পনা, মুখ খুললেন ইরানের বিদেশমন্ত্রী

পেট্রোলিয়াম মন্ত্রকের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, পুরনো নিয়মও আবার চালু করা হয়েছে। সেই নিয়মে গৃহস্থেরা এখন ২১ দিনে মাত্র একটি সিলিন্ডার কিনতে পারবেন।

আন্তর্জাতিক পরিস্থিতিও এই মূল্যবৃদ্ধির পিছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। ইরান, আমেরিকা ও ইজরায়েলের সংঘাতের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি আমদানি-রফতানি কার্যত বাধাপ্রাপ্ত হয়েছে।

এই পরিস্থিতিতে ভারত সরকার জানিয়েছিল, আপাতত দেশের প্রয়োজন মেটানোর মতো জ্বালানি মজুত রয়েছে। তবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে রাশিয়া প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে। অন্যদিকে আমেরিকাও শর্তসাপেক্ষে এক মাসের জন্য রাশিয়া থেকে তেল আমদানির অনুমতি দিয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্য অশান্ত হলেই তেল দাম বেড়েছে লাফিয়ে, ২৫-৩০০%, এবারও কি তাই?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *