টলিউডে বড় সিদ্ধান্ত। আগামী মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির পথে হাঁটছে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন শিল্প। ধারাবাহিক থেকে সিনেমা—সব ধরনের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার বিকেলে টেকনিশিয়ান স্টুডিয়োতে আর্টিস্টস ফোরামের ডাকা জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস, ইন্দ্রাশীষ রায়-সহ একাধিক শিল্পী।
এছাড়াও বৈঠকে ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশিক সেন, ইশা সাহা, দেবলীনা দত্ত, অঞ্জনা বসু, জীতু কামাল প্রমুখ। টেকনিশিয়ানদের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস-ও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিল্পীরা জানান, শুটিং চলাকালীন শিল্পী ও টেকনিশিয়ানদের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট প্রোটোকল তৈরি করা বাধ্যতামূলক। এই দাবিতেই কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিল্পী মহলের বক্তব্য, সাম্প্রতিক ঘটনাগুলির পর শুটিং সেটে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই ভবিষ্যতে কোনও দুর্ঘটনা এড়াতে আগে নিরাপত্তা নীতিমালা তৈরি করা জরুরি।
এ দিন শান্তিলাল বলেন, “নিরাপত্তার জন্য এবং আমাদের সকলের জীবন রক্ষার জন্য এই লড়াই শুরু হল। আমাদের নিরাপত্তাহীনতা রয়েছে। আমরা শুটিংয়ে বেরোচ্ছি। কিন্তু ফিরতে পারব কি না বুঝতে পারি না। রাহুল আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছে। তাই মঙ্গলবার সকাল থেকে আমরা কর্মবিরতি পালন করব।”
এই সিদ্ধান্তের ফলে আগামী মঙ্গলবার থেকে টলিউডের সমস্ত ধরনের শুটিং কার্যত থমকে যাবে। কতদিন এই কর্মবিরতি চলবে, তা এখনও স্পষ্ট নয়।
সব মিলিয়ে, নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে টলিউডে এই বৃহৎ কর্মবিরতি বাংলা বিনোদন জগতে বড় প্রভাব ফেলতে চলেছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: তালসারিতে এফআইআরে কোন ৫ জনের বিরুদ্ধে অভিযোগ, জানালেন প্রিয়াঙ্কা সরকার
