উত্তর ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে দক্ষিণবঙ্গেও। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর ভারতে অবস্থিত একটি ঘূর্ণাবর্তের কারণে উত্তুরে হাওয়া দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারছে না। ফলে রাজ্যের বায়ুমণ্ডলে ঢুকে পড়েছে জলীয় বাষ্পভরা দখিনা হাওয়া।

একদিকে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারত থেকে পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে, অন্যদিকে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বইছে আর্দ্র পূবালী হাওয়া। এর সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে থাকা একটি নিম্নচাপ জলীয় বাষ্পের জোগান আরও বাড়িয়ে দিয়েছে। পশ্চিমী হাওয়া ও আর্দ্র বাতাসের সংমিশ্রণে ছোটোনাগপুর মালভূমি অঞ্চলে কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

এই পরিস্থিতির জেরেই আগামী দুদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ঝড়ের তীব্রতা তুলনামূলক বেশি হতে পারে বলে পূর্বাভাস।

বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের যৌথ প্রভাব কেটে গেলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। তবে আপাতত দক্ষিণবঙ্গবাসীকে দুদিন সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *