এপ্রিল মাসেই দু’দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে। আর সেই ভোটে অংশ নিতে ভিন্রাজ্যে থাকা বাসিন্দাদের কথা মাথায় রেখে একগুচ্ছ বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল ভারতীয় রেল।
কর্মসূত্রে বা অন্য কারণে যাঁরা রাজ্যের বাইরে থাকেন, তাঁদের ভোটের সময় পশ্চিমবঙ্গে ফেরার সুবিধা করে দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছে রেল। একই সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে যাতায়াতের ক্ষেত্রেও এই বিশেষ ট্রেনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
রেল সূত্রে খবর, আগামী ১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মোট ২৮টি বিশেষ ট্রেন চালানো হবে। এর মধ্যে কিছু ট্রেন সাপ্তাহিক ভিত্তিতে চলবে, আবার কিছু ট্রেন সপ্তাহে দু’দিন করে পরিষেবা দেবে। দেশের বিভিন্ন প্রান্ত— যেমন পটনা, হাজিপুর, অসম, মুম্বই, ওড়িশা, সেকেন্দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, নাগপুর, রায়পুর এবং তিরুঅনন্তপুরম— এই ট্রেনগুলির মাধ্যমে যুক্ত থাকবে পশ্চিমবঙ্গের সঙ্গে।
কোনও ট্রেন ছাড়বে হাওড়া স্টেশন থেকে, আবার কোনওটি কলকাতা স্টেশন থেকেও চলবে। ফলে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের যাত্রীদের জন্যও থাকছে বিশেষ সুবিধা।
উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ হবে। একই সময়ে অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতেও নির্বাচন রয়েছে। সেই কারণে বিভিন্ন রাজ্যে বসবাসকারী ভোটারদের যাতায়াতের কথা মাথায় রেখেই বিশেষ ট্রেনগুলির রুট নির্ধারণ করা হয়েছে।
কোন কোন রুটে চলবে এই ট্রেন? রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া-পটনা, লাল কুঁয়া-কলকাতা, ডিব্রুগড়-কলকাতা, সাঁতরাগাছি-মুম্বই, শালিমার-বিশাখাপত্তনম, কানপুর সেন্ট্রাল-কলকাতা এবং চণ্ডীগড়-সাঁতরাগাছি রুটে ট্রেন চলবে। পাশাপাশি উত্তরবঙ্গ থেকেও কিছু বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। বেঙ্গালুরু থেকে মালদহ টাউন পর্যন্ত বিশেষ ট্রেন চলার কথাও জানা গিয়েছে।
ভোটের মরসুমে যাত্রীদের চাপ সামলাতে এবং ভোটারদের বাড়ি ফেরার সুবিধা করে দিতেই এই বিশেষ উদ্যোগ বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
