বিএনপির মনোনয়ন না পেলেও ভোটে লড়তে অনড় সেই বিএনপি নেত্রী রুমিন ফারহানা অবশেষে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ সোমবার বেলা আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. আবুবকর সরকারের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে ভোটে লড়বেন। তিনি হাঁস প্রতীক চাইবেন বলে জানা গেছে।
গত ২৪ ডিসেম্বর রুমিন ফারহানার পক্ষে সরাইলের সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক যুবদল নেতা মো. আলী হোসেন। তবে আসনটি জোটের জন্য ছেড়ে দিয়ে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ-সভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়। এ আসনে বিএনপি থেকে মনোনয়ন দাবিদার ছিলেন রুমিন।
মনোনয়ন জমা দেওয়ার সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে রুমিন ফারহানা বলেন, এ নির্বাচন জনগণের নির্বাচন। এ নির্বাচন ব্যক্তি রুমিন ফারহানার নির্বাচন। জনগণ এবার ভোটের মাধ্যমে সব কিছুর জবাব দেবে।
এদিকে জোট প্রার্থী জুনায়েদ আল হাবিবও সরাইল উপজেলার সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জুনায়েদ আল হাবিব এ সময় বিএনপিসহ জোটের সবার সহযোগিতা কামনা করেন।
