কলকাতা: সীমানা যখন নির্দিষ্ট ছিল না এবং খাবারের কোনো নির্দিষ্ট তকমা পড়েনি, ঠিক সেই সুদূর অতীত থেকেই ওড়িশার নাবিকরা পূর্ব উপকূল থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও শ্রীলঙ্কার পথে পাড়ি দিতেন। প্রাচীন সেই সামুদ্রিক যাত্রা কেবল বাণিজ্যের মাধ্যম ছিল না, ছিল সংস্কৃতি ও স্বাদের আদান-প্রদান। ইতিহাসের সেই স্বাদ এবার কলকাতার ভোজনরসিকদের পাতে পরিবেশন করতে এক অনন্য উদ্যোগ নিল তাজ বেঙ্গল।
২৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে বিশেষ খাদ্য উৎসব ‘যাত্রা: এ কোস্টাল লেগাসি’। তাজ পুরী রিসর্টস অ্যান্ড স্পা-এর প্রখ্যাত শেফ বিশ্বরূপের তত্ত্বাবধানে এই উৎসব চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। তাজ বেঙ্গলের ঐতিহ্যবাহী রেস্তোরাঁ ‘দ্য সুক’-এ আয়োজিত এই উৎসবে মিলবে প্রাচীন কলিঙ্গ থেকে সুমাত্রা, জাভা, বালি এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ঐতিহাসিক মেলবন্ধনের স্বাদ।
শেফ বিশ্বরূপ এই মেনুতে ওড়িশার ঐতিহ্যবাহী রান্নার কৌশলের সাথে দক্ষিণ-পূর্ব এশিয়ার মশলার এক চমৎকার সংমিশ্রণ ঘটিয়েছেন। মেনুতে রয়েছে সিগনেচার ডিশ— জেকফ্রুট কষা বাও, চিকেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাম্বল অ্যান্ড ধনে পাতা প্রন হার গাও, চিকেন পাত্র পোড়া এবং জাফরনা ক্র্যাব কারি। নিরামিষাশীদের জন্য রয়েছে গাদো গাদো ও বক চয় ধোসা রোলের মতো অভিনব পদ।

মিষ্টির তালিকায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে মাউন্ট মেরাপি কোকোনাট ভলক্যানো এবং ‘অ্যান ওড টু পুরী’। শেফ বিশ্বরূপের কথায়, “এই আয়োজন ওড়িশার সমৃদ্ধ রন্ধনশৈলী এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সাথে এর গভীর সংযোগকে উদযাপন করার একটি বড় সুযোগ।” ইতিহাসের পথ ধরে স্বাদ আর সুগন্ধের এই ‘যাত্রা’র সাক্ষী হতে পারেন কলকাতার ভোজনরসিকরাও।
