খবর অনলাইন ডেস্ক: ভারতের প্রতি রাশিয়ার আবেগঘন সাংস্কৃতিক টান যে আজও অটুট, সেটি আবার তুলে ধরলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ‘ইন্ডিয়া টুডে’ টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতীয় সংস্কৃতি রাশিয়ায় বহু প্রজন্ম ধরে যেন এক “সুন্দর, উজ্জ্বল, রঙিন রূপকথা” হিসেবে বিবেচিত হয়ে এসেছে।
সাক্ষাৎকারে পুতিনের কাছে পুরনো বলিউড গান, বিশেষ করে সোভিয়েত আমলে জনপ্রিয় ‘সর পে লাল টোপী রুসী’-এর প্রসঙ্গ তোলা হলে তিনি বলেন, ভারতীয় সিনেমা ও সংগীত এখনও রুশ সমাজে গভীরভাবে প্রভাব বিস্তার করে আছে।
তিনি বলেন, “সোভিয়েত ইউনিয়নের সময় থেকেই মানুষ ভারতীয় সিনেমা ও সংগীত পছন্দ করত। রুশ সমাজের বহু পরিচিত ব্যক্তিও ভারতীয় সংস্কৃতির প্রতি এক ধরনের টান অনুভব করেন। এটি আসলে হৃদয়ের সঙ্গে হৃদয়ের সংযোগ।”
ভারত-রাশিয়া সম্পর্কের টেকসই বন্ধন বজায় রাখতে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন পুতিন। তাঁর ভাষায়, “আমরা সর্বোচ্চ ভাবে চেষ্টা করব যাতে এই আগ্রহ ও সংযোগ কখনো ম্লান না হয়। ভারতবাসীকে আমি এটিই জানাতে চাই।”
দুই দিনের সফরে আজ সন্ধ্যায় পুতিন পৌঁছোন নয়াদিল্লিতে। প্রোটোকল ভেঙে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠক-সহ তাঁর রয়েছে বেশ কিছু উচ্চ পর্যায়ের কর্মসূচি।

বিমানবন্দরে দুই রাষ্ট্রনেতার আলিঙ্গন। ছবি ‘X’ থেকে নেওয়া।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ ও রুশ তেল আমদানিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করায় নয়াদিল্লি-ওয়াশিংটনের সম্পর্ক টানাপোড়েন তৈরি হয়েছে। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে পুতিন বলেন, “আমরা কখনওই কারও বিরুদ্ধে কাজ করার মানসিকতা নিয়ে এগোই না। প্রেসিডেন্ট ট্রাম্পের নিজস্ব এজেন্ডা আছে, আমাদের আছে নিজেদের স্বার্থ রক্ষা করার লক্ষ্য।”
ভারত-রাশিয়া জ্বালানি সহযোগিতার বিষয়ে তিনি মন্তব্য করেন, কিছু “অভিনেতা” ভারতের বাড়তে থাকা আন্তর্জাতিক প্রভাব ও মস্কোর সঙ্গে সুসম্পর্ক ভালো চোখে দেখছে না। তারা রাজনৈতিক কারণে ভারতের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে “কৃত্রিম প্রতিবন্ধকতা” সৃষ্টি করছে।
পুতিনের শুক্রবারের কর্মসূচি
সকাল ১১টায় রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনার/রাষ্ট্রীয় সংবর্ধনা।
সকাল সাড়ে ১১টায় রাজঘাটে শ্রদ্ধা নিবেদন।
বেলা ১১.৫০ মিনিটে হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক।
দুপুর ১.৫০ মিনিটে হায়দরাবাদ হাউসে যৌথ বিবৃতি প্রকাশ
সন্ধে ৭টায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ।
রাত ৯টায় স্বদেশের উদ্দেশে যাত্রা।
