বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় ঢুকে দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীদের একটি ট্রলারে হামলা চালানোর অভিযোগ উঠল বাংলাদেশ নৌসেনার বিরুদ্ধে। রবিবার গভীর রাতে বাংলাদেশ নৌসেনার একটি জাহাজের ধাক্কায় ‘এফবি পারমিতা দশ’ নামে ওই ট্রলারটি ডুবে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জন ভারতীয় মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন।
সূত্রের খবর, ট্রলারটিতে মোট ১৬ জন মৎস্যজীবী ছিলেন। দুর্ঘটনার পর কাকদ্বীপের কাছে মাছ ধরতে থাকা অন্য একটি ট্রলার রাতেই উদ্ধার করে ১১ জনকে। তাঁদের নামখানা ও কাকদ্বীপের বিভিন্ন এলাকায় ফিরিয়ে আনা হয়েছে। নিখোঁজ পাঁচ জনের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।
জানা গিয়েছে, ১৩ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার নামখানা এলাকা থেকে ‘এফবি পারমিতা দশ’ ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে রওনা দেয়। আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি এলাকায় মাছ ধরার সময়ই ওই ট্রলারটি হামলার শিকার হয় বলে অভিযোগ। উদ্ধার পাওয়া মৎস্যজীবীদের দাবি, রাতের অন্ধকারে আলো নিভিয়ে বাংলাদেশ নৌসেনার জাহাজ ভারতীয় জলসীমায় ঢুকে আচমকাই ট্রলারটিকে ধাক্কা মারে।
এই ঘটনার পরই ট্রলারটি দ্রুত ডুবে যায়। তবে হামলার পর বাংলাদেশ নৌসেনার জাহাজ কোনও উদ্ধারকাজে অংশ না নিয়ে এলাকা ছেড়ে চলে যায় বলে অভিযোগ উঠেছে। এই আচরণ ঘিরে একাধিক প্রশ্ন উঠছে।
যদিও বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ট্রলারটি আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছিল। কিন্তু সে ক্ষেত্রে ট্রলারে থাকা মৎস্যজীবীদের উদ্ধার বা গ্রেফতার না করে কেন নৌসেনার জাহাজ তড়িঘড়ি এলাকা ছেড়ে চলে গেল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং স্থানীয় পুলিশ। নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। ঘটনার বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় সরকারকে পাঠানো হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
