অজন্তা চৌধুরী

সম্প্রতি সন্ধ্যায় ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হল ফিনিক্স ডান্স অ্যাকাডেমির অষ্টম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ভরতনাট্যম থেকে রবীন্দ্রনৃত্য, আধুনিক, সমসাময়িক নানান নৃত্য আঙ্গিকে সাজানো হয়েছিল এই অনুষ্ঠান। পুষ্পাঞ্জলি ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মানন্দ মহারাজ, জয়দীপ পালিত।

১১ জানুয়ারি আয়োজিত ওই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘আকালে বোধিয়ামি’ নৃত্যনাট্য। এটি একটি সংস্কৃত শব্দ, বাংলায় যার অর্থ হল ‘অকাল বোধন’, যাকে আশ্রয় করেই নির্মিত এই নৃত্য প্রযোজনাটি। এতে অংশগ্রহণ করেন বিশিষ্ট নৃত্যশিল্পীরা। রাবণের চরিত্রে ছিলেন বিশিষ্ট ভারতনাট্যম নৃত্যশিল্পী মনোজিৎ সাহা, ভদ্রকালীর ভূমিকায় রূপান্তরকামী আইনজীবী ও নৃত্যশিল্পী মেঘ সায়ন্তনী ঘোষ, দুর্গার ভূমিকায় সৌমালিনি চ্যাটার্জি, রামের চরিত্রে সৌম্যদীপ মাইতি, লক্ষণের চরিত্রে কৌস্তুভ দাস, সীতার ভূমিকায় তন্নিষ্ঠা রায়, হনুমানের চরিত্রে শাশ্বত বেরা, মারিচের চরিত্রে শুভ্রজিৎ লাহিড়ী, সুর্পনখা দিশানি ধর, জটায়ুর ভূমিকায় রুদ্রনীল সাহা, মারিচ (হরিণ বেশে) স্নেহা ভট্টাচার্য। দেবীশক্তি রূপে ছিলেন সৌমিশা ব্যানার্জি, অর্ণবী সাহা, স্বস্তিকা দাস, অনুষ্কা মাইতি। হনুমান এর দলে ছিলেন হৃদয় ভোক্তা, সুদীপ্ত শীল, রবিন দাস, সন্দীপ প্রধান। রাবণের দলে স্নেহা পানিকর, সপ্তপর্ণা মণ্ডল, দেবদূতি হালদার, তনিষ্কা চক্রবর্তী।

এ ছাড়াও দেবী বন্দনায় ছিলেন ইন্দ্রজিৎ গাইন, অরিত্রী দাস, অনুষ্কা দাস, অদ্রিজা দাস, আরাধ্যা রানা, অর্পিতা ইজ্জতদার, স্নেহাশ্রী মণ্ডল। ‘অকাল বোধন’ নৃত্যনাট্যের ভাষ্যবাধনে ছিলেন শাশ্বত বেরা। এই নৃত্যনাট্যে মোট ৩০ জন অংশগ্রহণ করেন। ফিনিক্স ডান্স অ্যাকাডেমির প্রাণপুরুষ অরুণাভ বর্মণ বলেন, “আজকের এই বিপুল কর্মযজ্ঞে বিশিষ্ট মানুষদের পাশে পেয়েছি। এই গুণীজনেরা আমার পরিচালিত ‘আকালে বোধিয়ামি’ নৃত্যনাট্যের ভূয়সী প্রশংসা করেন। এটাই পরম প্রাপ্তি আমার কাছে।”

অনুষ্ঠানের শুরুতেই ছিল শিবকীর্তন, তার পর পরিবেশিত হয় বিনায়ক কাভাতুভাম নৃত্য। অর্ধনারীশ্বর পরিবেশনায় ছিলেন অরুণাভ বর্মণ। ভারতনাট্যম নৃত্যের আঙ্গিকে এই উপস্থাপনা বিশেষ উল্লেখের দাবি রাখে। এর পর পণ্ডিত উদয়শঙ্করের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জানানো হয় ‘প্রথম আদি তব শক্তি’ নৃত্য উপস্থাপনার মাধ্যমে। এর পর ছিল সৃজনশীল ও লোকনৃত্যের উপস্থাপনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *