ছবির উৎস, Getty Images
আজ বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউসহ পুরো এলাকা জুড়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
জানাজা শেষে বেলা সাড়ে তিনটা নাগাদ খালেদা জিয়াকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে বলে জানিয়েছে বিএনপি।
খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণের জন্য সরকার থেকে বিশেষ ব্যবস্থা রাখা হবে।
খালেদা জিয়া’র মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে এক্সপ্রেসওয়ে ও কুড়িল ফ্লাইওভার হয়ে নৌ সদর দপ্তর হয়ে তার গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছাবে।
সেখান থেকে গুলশান-২ ও কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে এয়ারপোর্ট রোড দিয়ে মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় পৌঁছাবে।
ডিএমপি জানিয়েছে, খালেদা জিয়াকে বহনকারী কনভয়ের যাতায়াতের সময় সংশ্লিষ্ট রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়েছে, সর্বস্তরের মানুষ যেন তাকে সম্মান জানাতে এবং জানাজায় অংশ নিতে পারেন, সেজন্য সরকারের সকল দপ্তর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে। দাফনকাজ নির্বিঘ্নে সম্পন্নের জন্য সেখানে নির্ধারিত ব্যক্তি ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। দাফনকাজ শেষ না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জনসাধারণের চলাচল সীমিত করা হবে।
খালেদা জিয়ার জনাজা উপলক্ষে আজ বুধবার একদিনের সাধারণ ছুটি এবং বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্যদিকে, তার মৃত্যুতে তার দল বিএনপি সাতদিনের শোকপালনের ঘোষণা দিয়েছে।
খালেদা জিয়ার জানাজায় ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা শোক বইয়ে স্বাক্ষর করেছেন। শোক বইয়ে স্বাক্ষর করেছে দেশের বিভিন্ন রাজনৈতিক দলও।
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে জামায়াত, জাতীয় পার্টি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। শোক জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগও।
জানাজায় অংশ নিতে বুধবার সকালে ঢাকায় আসছেন ভারত ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকারসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
রাষ্ট্রীয় শোক পালনের সময় ঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, শোভাযাত্রা নিষিদ্ধসহ তিনটি নির্দেশনা জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া, ফেনী ও দিনাজপুরের তিনটি আসনে প্রার্থী হয়েছিলেন খালেদা জিয়া। সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে খালেদা জিয়ার পক্ষ থেকে তার দলের নেতাকর্মীরা ওই আসনগুলোতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
