
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার রেডিও ফোর-এর ‘টুডে’
অনুষ্ঠানে ইরান যুদ্ধ নিয়ে কথা বলেছেন।
তিনি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননকে “জরুরি ভিত্তিতে অন্তর্ভুক্ত করার” আহ্বান জানান। বুধবার লেবাননে ইসরায়েলের হামলাকে তিনি “সম্পূর্ণ ভুল” বলে বর্ণনা করেন।
কুপার বলেন, “লেবাননে ব্যাপকভাবে বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন, যার ফলে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।
“এই উত্তেজনা পরিস্থিতিকে আরও ক্ষতিকর করে তুলছে, এটি ভুল… আমরা চাই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে তা লেবানন পর্যন্ত বিস্তৃত করা হোক।”
এরপর তাকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যেখানে বলা হয়েছে যে হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলসীমার অন্তর্ভুক্ত নয় এবং সেখানে নিরাপদ চলাচল ‘ইরান ও ওমানের সদিচ্ছার’ ওপর নির্ভরশীল।
এর জবাবে কুপার এই দাবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, সামুদ্রিক আইনের আওতায় আন্তর্জাতিক ট্রানজিট রুটে নৌ চলাচলের স্বাধীনতা প্রযোজ্য।
তিনি আরও যোগ করেন, “কোনো দেশ একতরফাভাবে এ ধরনের আন্তর্জাতিক ট্রানজিট রুট দখল করে টোল আরোপ করতে পারে না।”
