ছবির উৎস, BBC/TANVEE
গত বছর জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী
অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ জানা যাবে আগামী ১৩ই নভেম্বর।
বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের
মামলার চূড়ান্ত যুক্তিতর্ক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মো.
আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
আলোচিত এই মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা
ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন।
অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি করে তাদের খালাস চেয়েছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এছাড়া রাজসাক্ষী সাবেক আইজিপি
চৌধুরী আবদুল্লাহ আল-মামুনেরও খালাস চাওয়া হয়েছে।
এর আগে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের
ট্রাইবুনাল-১-এ মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তি খণ্ডন শেষে সমাপনী বক্তব্য দেন চিফ
প্রসিকিউটর।
