যথাযোগ্য মর্যাদায় গতকাল রবিবার দেশব্যাপী পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার একদিন আগে জাতির শ্রেষ্ঠসন্তান শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, শিল্পী ও সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে হত্যা করে। গতকাল দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
চট্টগ্রাম : বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে। পাহাড়তলী বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদের অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল যারা ছিলেন দেশের বুদ্ধিবৃত্তিক মেরুদ-। মূলত জাতিকে মেধাশূন্য করার চক্রান্ত হিসেবেই স্বাধীনতাবিরোধী শক্তি সেই বর্বর হত্যাকা- ঘটিয়েছিল। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম প্রেস ক্লাব।
খুলনা : খুলনায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় জেলা প্রশাসক বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, শিল্পী ও সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে হত্যা করে।
ময়মনসিংহ : সকালে নগরীর থানাঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়। সকাল ৭টা ৩০ মিনিটে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ফারাহ শাম্মী।
গাজীপুর : সকালে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানাসহ বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা।
কুমিল্লা : জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও
সাংস্কৃতিক সংগঠনের নেতারা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
আলোচনা সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. আলী নুর বশির। অনুষ্ঠানে জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জ : সকালে মুন্সীগঞ্জ শহরের সরকারি হরগঙ্গা কলেজের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ হয়ে ওঠে শ্রদ্ধা ও শোকের মিলনস্থল। সকাল ৯টার দিকে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে পুলিশ প্রশাসন, মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক,
সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
যশোর : যশোর শহরের শংকরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে গতকাল সকালে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রথমেই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আশেক হাসান।
রাজবাড়ী : সকালে শহরের লোকোশেড বধ্যভূমির স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি দপ্তর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। এতে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল প্রমুখ।
ঝালকাঠি : সকালে শহরের পৌরসভা খেয়াঘাটে অবস্থিত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠান স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
পঞ্চগড় : সকালে প্রথমে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা পরিষদ চত্বরে অবস্থিত বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণকালে মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
