ছবির উৎস, প্রধানমন্ত্রীর প্রেস উইং
পড়ার সময়: ২ মিনিট
ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার অফিস সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে অফিস চলবে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত। এতদিন অফিস সময় ছিল সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর প্রেসব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সিদ্ধান্তগুলো জানিয়েছেন।
ছবির উৎস, প্রধানমন্ত্রীর প্রেস উইং
প্রেসব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ব্যাংক লেনদেন চলবে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত। দোকানপাট ও শপিংমলসহ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে রোববার নির্দেশনা দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি আরও বলেন, “আগামী তিন মাস সরকারি ব্যয় কমানো হবে। এ সময়ে কোনো নতুন যানবাহন, জলযান, আকাশযান ও কম্পিউটার সামগ্রী কেনা হবে না।
মন্ত্রিপরিষদ সচিব এ-ও বলেন, “অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো হয়েছে। সরকারি অর্থায়নে সব বৈদেশিক প্রশিক্ষণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।”
সভা-সেমিনারে ব্যয়ও ৫০ শতাংশ কমানো হবে। জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারি ব্যয় ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে। অপ্রয়োজনীয় ভ্রমণ ব্যয়ও ৩০ শতাংশ কমাতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
