স্প্যানিশ ক্লাব ফুটবলে আবারও আলোচনায় লিওনেল মেসি। কাতালুনিয়ার ক্লাবটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে চলতে নানা রকম কানাঘুষা, নির্বাচনকে সামনে রেখে অনেক প্রার্থীই খেলতে পারেন ‘মেসি কার্ড’। এক্ষেত্রে মেসিকে ক্লাবে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দিতে পারেন তারা। এমনকি বার্সায় ফেরার ব্যাপারে আশাবাদী মেসি, তবে কোন ভূমিকায় ফিরবেন সেটি এখনও পরিষ্কার করে জানাননি বিশ্বজয়ী মহাতারকা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, আগামী ১৫ মার্চ বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এ নির্বাচনে লড়ার জন্য পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা। তিনিই এবার স্পষ্ট ফেভারিট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্ট, পাশাপাশি জাভি ভিলাজোয়ানা ও মার্ক সিরিয়া নির্বাচনে লড়ার আগ্রহ প্রকাশ করেছেন।
এই নির্বাচনী প্রক্রিয়ায় সবচেয়ে প্রভাবশালী নাম নিঃসন্দেহে মেসি। সম্প্রতি স্পটিফাই ক্যাম্প ন্যুতে স্টেডিয়ামের সংস্কারকাজ দেখতে গিয়ে মেসির উপস্থিতি এবং সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলো ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই ধারণা করেন, নির্বাচনে হয়তো কোনো প্রার্থীকে সমর্থন দেবেন তিনি। তবে বাস্তবতা ভিন্ন।
মেসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বার্সেলোনার নির্বাচনে তিনি কোনোভাবেই জড়াতে চান না। কারও পক্ষে প্রচার কিংবা সমর্থন—কিছুই করবেন না তিনি। বর্তমানে তার পুরো মনোযোগ যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি এবং আসন্ন বিশ্বকাপে।
আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে। খুব সম্ভবত এটি হবে মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। সে কারণেই এই গুরুত্বপূর্ণ সময়ে তিনি বার্সার অভ্যন্তরীণ রাজনীতি থেকে নিজেকে দূরে রাখছেন।
তবে মেসি এটাও পরিষ্কার করে দিয়েছেন, বিশ্বকাপ অধ্যায় শেষ হলে বার্সেলোনায় ফেরার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাববেন তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে বারবার তিনি জানিয়েছেন, বার্সেলোনার সঙ্গে তার সম্পর্ক কখনোই শেষ হয়নি। যদিও কোন ভূমিকায় তিনি ফিরবেন—তা এখনও চূড়ান্ত নয়।
২০২১ সালের নির্বাচনে মেসি প্রকাশ্যে কিছু না বললেও তখন তার নীরব সমর্থন ছিল লাপোর্তার দিকেই। তবে মেসিকে রেখে দেয়ার প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় দুজনের সম্পর্কের অবনতি ঘটে। এরপর থেকে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং মেসিকে ফেরানোর ব্যর্থ চেষ্টা সেই সম্পর্ক আরও জটিল করে তোলে। সবকিছু মিলিয়ে বলা যায়, নির্বাচনে নিরপেক্ষ থাকলেও বার্সেলোনায় ফেরার দরজা মেসির জন্য এখনও খোলা।


