ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়ে ত্রস্ত রাজধানী দিল্লি। বিষবাষ্পর কারণে ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডির মতো ফুসফুসের রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ক্রমশ দেশে মহামারীর আকার ধারণ করছে সিওপিডি অসুখ। জিনগত কারণ ছাড়াও ভয়াবহ বায়ুদূষণের কারণেও সিওপিডিতে মানুষ বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছেন। সাম্প্রতিক গবেষণা রিপোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। আরও আশঙ্কার বিষয় হল মহিলারাই বেশি পরিমাণে আক্রান্ত হন সিওপিডিতে।
১৯৯০ সালে ভারতে মৃত্যুর অন্যতম কারণ হিসাবে রোগের তালিকায় সিওপিডি ছিল অষ্টম স্থানে। এখন ইশকেমিক হার্ট ডিজিজের পর দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিওপিডি। এর কারণ হিসাবে বিষবাষ্পর বিষয় উঠে এসেছে।
২০১৯ সালে ভারতে সিওপিডি রোগীর সংখ্যা ছিল ৩৭.৮ মিলিয়ন, যা গোটা বিশ্বের মধ্যে আক্রান্তর সংখ্যা ১৭.৮%। গোটা বিশ্বে সিওপিডিতে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে ২৭.৩%-ই ভারতে।
সাম্প্রতিক গবেষণা রিপোর্টে বলা হয়েছে, শহরের মহিলারা ঘরে এবং বাইরে পরিবেশ দূষণের কারণে সিওপিডিতে বেশি ভুগছেন। যে সব মহিলারা বেশি দূরত্বে যাতায়াত করেন, বাইরে জগিং করে, যানজটযুক্ত জায়গায় কাজ করেন এমন মহিলাদের সিওপিডিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। একইসঙ্গে বাড়িতে ও অফিসে ভালো পরিমাণে হাওয়া চলাচল না করলে মহিলারা বেশি আক্রান্ত হন সিওপিডি রোগে।
ধূমপান না করলেও বাড়িতে ক্লিনিং স্প্রে, সুগন্ধি মোমবাতি, রুম ফ্রেশনারের কারণে মহিলারা ফুসফুসের রোগে বেশি আক্রান্ত হন।
চিকিৎসকদের মতে, পরিবেশগত কারণ ছাড়াও পুরুষদের তুলনায় মহিলাদের শ্বাসনালী সরু হয়। হরমোনের নিঃসরণের ফলে দূষণে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় মহিলাদের ফুসফুস। পুরুষদের তুলনায় মহিলাদের ফুসফুসে বেশি সংক্রমণ হয়।
এদিকে আরেকটি আলাদা গবেষণা রিপোর্টে দাবি করা হয়েছে, বায়ুদূষণ ছাড়াও গ্রামাঞ্চলে উনুনে রান্না করার কারণেও নীরবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুস। সিগারেটের চেয়েও বেশি ক্ষতিকর উনুনের ধোঁয়ায় বারোটা বেজে যাচ্ছে শ্বাসযন্ত্রর। বিভিন্ন গবেষণা রিপোর্টে বলা হয়েছে, ১২ বছর ধরে একটানা ধূমপান করলে ফুসফুসের যত বেশি না ক্ষতি হয় তার চেয়ে বেশি পরিমাণে ক্ষতি হয় উনুনের ধোঁয়ার সংস্পর্শে এলে। উনুনের ধোঁয়ায় আছে পিএম ২.৫ নামক ক্ষুদ্রাতিক্ষুদ্র ধূলিকণা যা সরাসরি ফুসফুসে পৌঁছে যায়। রক্তে মিশে গিয়ে হার্ট এবং মস্তিষ্কের গুরুতর ক্ষতি করতে পারে। রান্নাঘরে বদ্ধ জায়গায় উনুনের ধোঁয়া বেশি সময় ধরে জমে থাকে। এই বিষবাষ্পর সংস্পর্শে এলে শ্বাসকষ্ট, হাঁপানি, ব্রঙ্কাইটিস, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।
কী করবেন
রান্নার সময় মাস্ক মুখে লাগান। সামনে জানলা থাকলে খুলে রাখুন। চিমনি বা ফ্যান চালান যাতে ধোঁয়া বেরিয়ে যেতে পারে। খোলামেলা পরিবেশে হাওয়া চলাচল করতে পারে এমন জায়গায় রান্না করুন।
আরও পড়ুন: শপিং বিল জমিয়ে রাখছেন? থার্মাল পেপারের ‘বিসফেনল’ দেহে ঢুকে বাড়াচ্ছে ভয়ঙ্কর বিপদ!
