বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০২১- ২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমনের বিরুদ্ধে এক ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী সোমবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে কিছুদিন আগে লঞ্চঘাট থেকে রূপাতলি আসার পথে দুইজন ছেলে ঐ ছাত্রীকে বিরক্ত করে। তাদের কথায় রেসপন্স না করায় গা ঘেঁষে বসে বিভিন্ন ভাবে হেনস্তা করার চেষ্টা করে। ঘটনার কিছুদিন পর ক্যাম্পাসে তাদের মধ্যে একজনকে দেখে চিনতে পারেন ভুক্তভোগী। এ নিয়ে তাকে জিজ্ঞেস করা হলে সে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে। পরে অভিযুক্ত ইমন ভুক্তভোগী ছাত্রীকে বিভিন্নভাবে হুমকি দেয়।
এ নিয়ে ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘আমি এর যথাযথ বিচার চাই। আমার মতো আর কোনো মেয়েকে যেন এ লজ্জাজনক ঘটনার সম্মুখীন না হতে হয়।’
এ বিষয়ে অভিযুক্ত ইমন মুঠোফোনে বলেন, ‘আমার ভুল হইছে, আমি অনুতপ্ত। আমি অভিযোগকারীর নিকট ক্ষমা চাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.রাহাত হোসেন ফয়সাল বলেন, ‘আমরা ভুক্তভোগীর কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি,বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
