ক্রিকেটারদের দাবির মুখে অর্থ কমিটির প্রধানের পদসহ বিসিবির সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় আজ বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ক্রিকেটাররা তার পদত্যাগের দাবি থেকে সরছে না। আল্টেমটাম দিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে তাকে অপসারণের, নইলে মাঠে ফিরবে না তারা।
বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সাম্প্রতিক ঘটনাবলীর পর্যালোচনা এবং সংস্থার সর্বোত্তম স্বার্থ বিবেচনা করে, বিসিবি সভাপতি সিদ্ধান্ত নিয়েছেন যে, জনাব নাজমুল ইসলামকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে তাঁর দায়িত্ব থেকে তাত্ক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হবে।
এই সিদ্ধান্তটি বিসিবি সংবিধানের ধারা ৩১ অনুযায়ী সভাপতিকে প্রদত্ত ক্ষমতার অধীনে নেওয়া হয়েছে এবং বোর্ডের কার্যক্রমের অব্যাহত সুস্থ ও কার্যকর পরিচালনা নিশ্চিত করাই এর লক্ষ্য।
পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত, বিসিবি সভাপতি ফাইন্যান্স কমিটির কার্যনির্বাহী চেয়ারম্যানের ভূমিকা পালন করবেন।
বিসিবি পুনর্ব্যক্ত করে যে, ক্রিকেটারদের স্বার্থ সবসময়ই সর্বোচ্চ অগ্রাধিকার। বোর্ড তার আওতাধীন সকল খেলোয়াড়ের মর্যাদা ও সম্মান রক্ষা করতে পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
এই প্রেক্ষাপটে, বিসিবি আশা করছে যে, সব ক্রিকেটার চলমান চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য সর্বোচ্চ পেশাদারিত্ব এবং আত্মনিয়োগ প্রদর্শন করবেন, এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ অব্যাহত অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।’
তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের ক্লাব ট্যালেন্ট হান্ট একাডেমি কাউন্সিলর এম নাজমুল ইসলাম ক্যাটাগরি-২ থেকে ৩৭ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। বিসিবিতে তাকে ফিন্যান্স কমিটির চেয়ারম্যান করা হয়। সাম্প্রতিক সময়ে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ভারতের এজেন্ট আখ্যা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস প্রকাশ করা নাজমুল বুধবার ক্রিকেটারদের খারাপ পারফরম্যান্সের জন্য তো টাকা দাবী করা হয় না, এমন মন্তব্য করেন। যার জের ধরে বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্বের প্রথম ম্যাচ মাঠে গড়ায়নি। নাজমুলকে অপসারণের দাবীতে আল্টিমেটাম দেয় পেশাদার ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘মাঠে যাবো একটাই শর্তে, বিসিবি থেকে এসে যদি কমিটমেন্ট করে, ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক বিসিবিতে থাকবে না। যদি থাকে, তাহলে খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না। যদি বিসিবি থেকে অফিশিয়াল ডিক্লেয়ার করে।’ ক্রিকেটারদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেলের মধ্যে যদি বোর্ডের পক্ষ থেকে এই শর্ত মেনে নেওয়া হয়, তাহলে সন্ধ্যায়ই তারা ম্যাচ খেলতে নামবেন।
বিসিবি’র গঠনতন্ত্র অনুযায়ী, একজন পরিচালকের পদ শুন্য হয় মৃত্য, পদত্যাগ, মানসিক ভারসাম্যহীনতা অথবা শৃংখলাজনিত শাস্তিপ্রদানের পরিপ্রেক্ষিতে। নির্বাচিত পরিচালকের পদ থেকে কাউকে সরিয়ে দেয়ার সুযোগ বিসিবি’র গঠনতন্ত্রে নেই।
ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য বিসিবি নাজমুলকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে বুধবার গভীর রাতে।
