ভারতীয় সঙ্গীতজগতে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন কিংবদন্তি গায়িকা আশা ভোসলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
শনিবার সন্ধ্যায় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সূত্রের খবর, শরীরে অস্বস্তি অনুভব করার পরই হৃদ্রোগে আক্রান্ত হন এই বর্ষীয়ান শিল্পী। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি।
প্রথমে তাঁর নাতনি জনাই ভোঁসলে সমাজমাধ্যমে জানিয়েছিলেন, ক্লান্তি ও ফুসফুসের সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পরিবারের তরফে দ্রুত সুস্থতার আশাও করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ হয়।
আশা ভোঁসলের প্রয়াণে ভারতীয় সঙ্গীতের এক স্বর্ণযুগের অবসান ঘটল। প্রায় আট দশকের দীর্ঘ কর্মজীবনে তিনি হিন্দি-সহ একাধিক ভারতীয় ভাষায় অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
তাঁর ঝুলিতে রয়েছে দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মভূষণ-সহ একাধিক সম্মান। ১৯৯৭ সালে গ্র্যামি পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন তিনি। ‘দিল তো পাগল হ্যায়’, ‘এক পরদেশী মেরা দিল লে গয়া’, ‘তুমসে মিলকে’—সহ বহু গান আজও সমান জনপ্রিয়।
শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “আমি শোকাহত। প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে রাজত্ব করেছেন তিনি।”
এর আগে তাঁর অসুস্থতার খবর ছড়াতেই উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আশা ভোঁসলের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। তাঁর কণ্ঠস্বর ও সঙ্গীত চিরকাল বেঁচে থাকবে শ্রোতাদের হৃদয়ে।
