যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে তিন স্থানীয় ক্রিকেটারসহ অন্তত ছয়জন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

আজ (১৮ অক্টোবর) শনিবার সামাজিকমাধ্যম এক্সে এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানায়, পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় এক ‘ফ্রেন্ডলি’ ম্যাচ খেলে ফেরার পথে পাকিস্তানি বিমান হামলায় স্থানীয় তিনজন ক্রিকেটার প্রাণ হারিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, তিন ক্রিকেটারের মৃত্যু আমাদের ক্রীড়া সম্প্রদায়ের জন্য গভীর শোকের বিষয়। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আফগানিস্তান আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করছে।

আফগান সংবাদমাধ্যম খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে পাকতিকা প্রদেশের উরগুন ও বারমাল এলাকায় পাকিস্তানি বিমান হামলার ঘটনা ঘটে। আফগান তালেবান সরকারের জাতীয় রেডিও ও টেলিভিশনও হামলার খবর নিশ্চিত করেছে।

পাকতিকার কমান্ড সেন্টার জানিয়েছে, কোনো ধরনের উস্কানি ছাড়াই পাকিস্তান আবারও আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার রাতের দিকে পাকিস্তানি ড্রোন আবাসিক এলাকায় বোমাবর্ষণ করে আতঙ্ক ছড়িয়ে দেয়।

এই ঘটনার আগে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ঘোষণা দিয়েছিলেন যে, আফগানিস্তান ও পাকিস্তান অনির্দিষ্টকালের যুদ্ধবিরতিতে পৌঁছেছে। উস্কানি না দিলে আফগানিস্তান আর কোনো হামলা করবে না।

তবে সেই যুদ্ধবিরতি কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে যায়। হামলার পর আফগান সেনারা সীমান্ত এলাকায় পাল্টা আক্রমণ শুরু করেছে বলে নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ সংঘাত অব্যাহত থাকলে দুই দেশের সীমান্তে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *