তল্লাশি অভিযান থেকে সবুজ ফাইল সব বেরিয়ে আসেন মমতা ব্যানার্জী

ছবির উৎস, ANI

ছবির ক্যাপশান, তল্লাশি অভিযান থেকে সবুজ ফাইল সব বেরিয়ে আসেন মমতা ব্যানার্জী

এক তল্লাশি অভিযান চালানোর সময়ে তদন্তের গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ এবং বৈদ্যুতিক যন্ত্র সরিয়ে নিয়ে গেছেন বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

তার দল তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক ও নির্বাচনী পরামর্শ দেয় যে ‘আই-প্যাক’ সংস্থা, সেটির দফতর এবং সংস্থার মালিক প্রতীক জৈনের কলকাতার বাড়িতে পুরোনো একটি মামলায় বৃহস্পতিবার তল্লাশি চালায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বেশ কয়েক বছরের পুরোনো এই মামলাটি কয়লা পাচার এবং অর্থ পাচার সংক্রান্ত। কলকাতা ও দিল্লিতে মোট দশটি জায়গায় তল্লাশি হয়েছে বৃহস্পতিবার।

ইডি-র তল্লাশি চলার সময়ে কলকাতায় প্রতীক জৈনের বাড়ি এবং তার সংস্থার দফতর – দুই জায়গাতেই নাটকীয় ভাবে হাজির হন মুখ্যমন্ত্রী এবং সেখান থেকে বেশ কিছু ফাইল নিয়ে বেরিয়ে আসেন তিনি। নিজেই দাবি করেছিলেন যে ওইসব নথি তার দলের নির্বাচনী কৌশল সংক্রান্ত, তাই তিনি সেগুলি ‘নিয়ে এসেছেন’।

গোড়ায় অনেকেই বিশ্বাস করেননি যে তল্লাশি অভিযান চলাকালীন বাইরে থেকে কেউ গিয়ে নথিপত্র বের করে আনতে পারেন! কিন্তু তল্লাশির শেষে ইডি এক বিবৃতি দিয়ে ঘটনাটি নিশ্চিত করেছে।

এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে তৃণমূল কংগ্রেস, ইডি এবং ‘আই-প্যাক’ – তিন পক্ষই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *